
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে। এই অভিযোগ সামনে এসেছে। সেই ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সাঁওতাল সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যাপনে যোগ দিতে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু সেই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের তরফে বয়কট করা হয়েছে। তাঁর দাবি, এটি শুধু রাষ্ট্রপতির অপমান নয়, সংবিধান এবং গণতন্ত্রের চেতনারও অপমান।
প্রধানমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। কিন্তু তাঁকে যথাযোগ্য সম্মান জানানো তো দূরের কথা, তৃণমূল কংগ্রেস সেই পবিত্র ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বয়কট করেছে। তিনি নিজে আদিবাসী সমাজ থেকে উঠে আসা একজন নেত্রী এবং দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন থেকেছেন। অথচ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই অনুষ্ঠানের ব্যবস্থাপনাকেই অবহেলা করেছে।'
প্রধানমন্ত্রীর মতে, এই ঘটনা কেবলমাত্র একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং দেশের সাংবিধানিক মর্যাদার প্রশ্ন। তিনি বলেন, 'এটি শুধু রাষ্ট্রপতির অপমান নয়, এটি ভারতের সংবিধানেরও অপমান। সংবিধানের যে মূল্যবোধ ও চেতনা রয়েছে, তৃণমূল কংগ্রেসের এই আচরণ তার প্রতি অসম্মান প্রদর্শন করেছে। আমাদের গণতন্ত্রের মহান ঐতিহ্যেরও এটি অবমাননা।'
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘অহঙ্কারের রাজনীতি’ করার অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, 'আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, অহঙ্কার শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে দেয়। আজ দেশের রাজধানী থেকে আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি এবং ক্ষমতার অহংকার বেশি দিন টিকবে না।'
প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তাঁর মতে, তৃণমূল কংগ্রেস যে ভাবে একজন নারী রাষ্ট্রপতি এবং আদিবাসী সমাজ থেকে উঠে আসা ব্যক্তিত্বকে অসম্মান করেছে, তা রাজ্যের মানুষ কখনও মেনে নেবেন না। 'পশ্চিমবঙ্গের সচেতন মানুষ তৃণমূল কংগ্রেসকে এই অপমানের জন্য কখনও ক্ষমা করবে না,' মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি দাবি করেন, এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা দেশের মানুষের আবেগের সঙ্গে জড়িত। 'একজন নারী, একজন আদিবাসী এবং দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। দেশের মানুষ এটিকে কখনও মেনে নেবে না। দেশের আদিবাসী সমাজও এই অপমান ভুলবে না। দেশের নারীরাও এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না,' বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই ধরনের রাজনৈতিক আক্রমণ আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর এই অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ইস্যু আগামী দিনে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করতে পারে।