
বাঁকিপুর উপনির্বাচনের রেজাল্টে ধাক্কা বিজেপি শিবিরে। পদ্ম শিবিরের খাস গড়ে দাপটের সঙ্গে জয়ী হয়ে বিহারের রাজ্য রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন প্রশান্ত কিশোর। অন্যদিকে, আচমকা এমন হারের মুখে পড়ে কিছুটা ব্য়াকফুটে বিজেপি। এমন মওকায় সদ্ব্যবহার করতে ছাড়ছে না বিরোধী শিবিরও। পদ্ম শিবিরকে নিশানা করছেন দেশের বিরোধী নেতারা। সেই তালিকায় নাম লিখিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
বাঁকিপুরে বিজেপির হার প্রসঙ্গে তিনি বলেন, "হাওয়া বিজেপির বিরুদ্ধে রয়েছে। সাধারণ মানুষ এবং জেনারেশন জেড বিজেপির উপর ক্ষুব্ধ। তারই ফল দিতে হয়েছে পদ্ম শিবিরকে।" এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, "বিরোধীরা চাইছে অমিত শাহ ক্ষমা চান এবং রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে উত্তর দিক।"
অন্যদিকে বাঁকিপুরে হার নিয়ে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, "আজকের তিনটি বিধানসভা উপনির্বাচনের জনাদেশ আমরা মেনে নিচ্ছি। ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা প্রকাশ করার জন্য আমরা গুজরাতের মাঞ্জালপুর বিধানসভা কেন্দ্রের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বাঁকিপুর ও দাতিয়ার ফলাফল নিয়ে 'আত্মবিশ্লেষণ' ও পর্যালোচনা করা হবে।"
বাঁকিপুরে প্রশান্ত কিশোর কত ভোটে জিতলেন?
বিহারের বাঁকিপুরে বিজেপির প্রার্থী নীরজ কুমার সিনহা পেয়েছেন ৪৪,৮২৭টি ভোট। অন্যদিকে, প্রশান্ত কিশোর পেয়েছেন মোট ৬৪,১৫১টি ভোট। পদ্ম শিবিরকে ১৯,৩২৪ ভোটের বিপুল ব্যবধানে হারিয়েছেন পিকে।
বিহারের বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি এই হার প্রসঙ্গে বলেছেন, 'জনগণের রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বাঁকিপুরের মানুষে প্রতি আমাদের একটা আন্তরিকতা আছে। ঠিক কোথায় আমাদের ভুল হল, কেন ভোট কম পড়ল, তা আমরা খতিয়ে দেখব।'