
তৃণমূল কংগ্রেসে বিদ্রোহ ঘোষণা করে যে ২০ জন সাংসদ পৃথক ভাবে NCPI নামক একটি অখ্যাত রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, সেই দলের কি চলতি বাদল অধিবেশনে স্পিকার ওম বিড়লার স্বীকৃতি মিলবে? এই প্রশ্নের আবহেই আজ অর্থাত্ মঙ্গলবার বড় ইঙ্গিত মিলল NDA-র সংসদীয় দলের বৈঠকে।
কাকলি বসলেন মোদীর কাছেই
সোমবার রাতেই NCPI-এর অন্যতম নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই আজ NDA-এর সংসদীয় দলের বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, শতাব্দী রায়দের। তাত্পর্যপূর্ণ ভাবে কাকলিকে দেখা গেল খোদ প্রধানমন্ত্রী মোদী যে সারিতে বসেছিলেন, সেই সারিতেই তিনি বসেছেন। যার নির্যাস, NCPI-এর সাংসদদের আলাদা করে গুরুত্ব দেওয়ারই বার্তা দিল বিজেপি। কাকলিরাও মিটিংয়ে যোগ দিয়ে যারপরনাই আহ্লাদিত।
এত ভাল বৈঠক অতীতে দেখিনি: কাকলি ঘোষ দস্তিদার
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া কাকলি বললেন, 'NCPI ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নথিভূক্ত একটি রাজনৈতিক দল। আমরা স্পিকারকে সব প্রয়োজনীয় নথি দিয়েছি। ওঁরা আমাদের NDA-র অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলেই তো আজ আমাদের মিটিংয়ে ডেকেছিলেন। তবে লোকসভায় আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে পরবর্তী আলোচনা চলছে। এত ভাল বৈঠক অতীতে কখনও হয়নি। দেখিওনি। ২০১৪ সালের আগেও এই রকম মিটিং হয়নি। আমাদের আরও ভাল লেগেছে, ওঁরা আমাদেরকেও মিটিংয়ে ডেকেছিল। আমরা খুব খুশি। আমরা NCPI-এর সদস্যরা NDA-এর সঙ্গে একসঙ্গে কাজ করছি, এটা খুবই ভাল। আমাদের দলের স্বীকৃতি নিয়ে আলোচনা চলছে। যা যা কাগজ দরকার, আমরা স্পিকারের কাছে জমা দিয়েছি। আমরাও চাই প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক লোকসভায়।'
সায়নী, শতাব্দী, রচনারাও আহ্লাদিত
মিটিং থেকে বেরিয়ে খোশমেজাজে দেখা গেল সায়নী ঘোষ ও শতাব্দী রায়কেও। শতাব্দীর কথায়, 'খুব ভাল অর্গানাইজড মিটিং। এই রকম সুসংবদ্ধ বৈঠক আগে দেখিনি। কী কী বিল আসছে, দেশের ভিশন কী, কী কী করতে হবে, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।'
সায়নীর বক্তব্য, এই প্রথমবার এনডিএ-র মিটিংয়ে যোগ দিয়ে ভাল লেগেছে তাঁর। খুব ভাল ইতিবাচক একটি বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আরেক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'খুব ভাল একটি মিটিং হল। দেশের উন্নয়নর নানা প্ল্যান নিয়ে আলোচনা হল। অনেক কিছু জানতে পারলাম। শিখলাম।'