
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে কেন সাহায্য করেছিল চিন? এর নেপথ্যে কি শুধুই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, নাকি আরও বড় কোনও কৌশল? সাম্প্রতিক রিপোর্টে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে মার্কিন কংগ্রেসের একটি প্যানেল। রিপোর্টে দাবি করা হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে সামরিক সাহায্য দিয়ে ভারতের ক্রমবর্ধমান প্রভাব রুখতে চেয়েছিল চিন। তবে বেজিংয়ের কৌশল শুধু সামরিক সাহায্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। সীমান্তে চাপ তৈরির পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও ভারতকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে তারা।
মার্কিন ওই প্যানেলের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান শক্তিকে বড় চ্যালেঞ্জ বলে মনে করে চিন। সেই কারণেই একাধিক ক্ষেত্রে ভারতের অগ্রগতি রোখার চেষ্টা করছে বেজিং। পাশাপাশি প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য আদানপ্রদান, সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যের ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
অপারেশন সিঁদুরে কীভাবে পাকিস্তানকে সাহায্য করেছিল চিন?
মার্কিন প্যানেলের দাবি, ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিন ধরে চলা সংঘর্ষ চিনের কৌশল স্পষ্ট করে দিয়েছিল। সরাসরি যুদ্ধে অংশ না নিলেও সঙ্কটের সময়ে পাকিস্তানকে শক্তিশালী করতে সাহায্য করেছিল বেজিং। রিপোর্টে বলা হয়েছে, চিন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা ভারতের সামনে দু'দিক থেকে যুদ্ধের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিতে পারে।
সম্প্রতি প্রথমবার প্রকাশ্যে চিন স্বীকার করেছিল, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে প্রযুক্তিগত সাহায্য দিয়েছিল তারা। চিনের সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের ইঞ্জিনিয়ার ঝাং হেং জানিয়েছিলেন, তিনি সেই দলের সদস্য ছিলেন, যাঁরা পাকিস্তানের বায়ুসেনাকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল। ঝাংয়ের বক্তব্য অনুযায়ী, তাঁদের দলের উদ্দেশ্য ছিল পাকিস্তানের বায়ুসেনার হাতে থাকা সামরিক সরঞ্জামগুলিকে সর্বোচ্চ কার্যক্ষমতায় ব্যবহারের উপযোগী করে তোলা। মূলত পাকিস্তানের হাতে থাকা J-10CE যুদ্ধবিমানের কথাই বলেছিলেন তিনি।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিংও দাবি করেছিলেন, সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনার মোতায়েন সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পাকিস্তানকে সরবরাহ করেছিল চিন।
সীমান্তেও ভারতের উপর চাপ বাড়াচ্ছে চিন
আমেরিকার ওই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানকে সাহায্য করেই থেমে নেই চিন। ভারতীয় সীমান্তের কাছে নিজেদের সামরিক শক্তিও বাড়িয়ে চলেছে তারা। অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় চিনা সেনার সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে পূর্ব লাদাখে ৪ বছর ধরে চলা সামরিক অচলাবস্থা কাটাতে সহমত হয়েছিল ভারত ও চিন। এর পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও শুরু হয়। কিন্তু সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। আমেরিকার প্যানেলের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) সংলগ্ন এলাকায় বিমানঘাঁটি, রেলপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো বাড়াচ্ছে চিন। এর ফলে প্রয়োজন পড়লে দ্রুত সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে পারবে তারা। শুধু স্থলসীমান্ত নয়, ভারত মহাসাগরেও নিজেদের নৌসেনার উপস্থিতি এবং নজরদারি বাড়াচ্ছে বেজিং। ফলে সামরিক ক্ষেত্রে ভারতের উপর একাধিক দিক থেকে চাপ তৈরির কৌশল নিয়েছে চিন, এমনটাই দাবি রিপোর্টে।
অর্থনীতিতেও ভারতকে কোণঠাসা করার চেষ্টা?
আমেরিকার রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ভারতের উপর চাপ তৈরি করতে অর্থনৈতিক শক্তিকেও হাতিয়ার করছে চিন। গুরুত্বপূর্ণ শিল্পসামগ্রী, প্রযুক্তি এবং যন্ত্রাংশের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ভারতকে সমস্যায় ফেলার চেষ্টা চলছে। ভারতের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী রফতানি বন্ধ করেছে চিন। ইলেকট্রনিক্স উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারদেরও দেশে ফিরিয়ে নিয়েছে তারা। পাশাপাশি বিভিন্ন যন্ত্রপাতির সরবরাহও বন্ধ করা হয়েছে।
ওষুধ তৈরির কাজে ব্যবহৃত কাঁচামালের বিষয়টিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, এই ধরনের কাঁচামালের দাম অনেকটাই কমিয়ে দিয়েছে চিন। এর ফলে ভারতীয় সংস্থাগুলির পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এছাড়াও ব্যাটারি প্রযুক্তি রফতানির ক্ষেত্রে চিনের নিয়ন্ত্রণকেও ভারতের সামনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব দেশের পরিবেশবান্ধব জ্বালানি সংক্রান্ত প্রকল্পগুলির উপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।
চিনকে মোকাবিলায় ভারত-মার্কিন সম্পর্কে জোর
আমেরিকার প্যানেল স্বীকার করেছে, ভারত নিজেদের সামরিক শক্তি এবং দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। স্পর্শকাতর ক্ষেত্রগুলিতে চিনা সংস্থাগুলির ভূমিকা সীমিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এখনও ভারতের শিল্পক্ষেত্রের একটি বড় অংশ চিনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশের উপর নির্ভরশীল। রিপোর্ট অনুযায়ী, সাপ্লাই চেন আরও শক্তিশালী করতে ভারতের বড় অঙ্কের বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং সময়ের প্রয়োজন। সেই কারণেই ভারতের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিয়েছে আমেরিকার ওই প্যানেল। প্রতিরক্ষা প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং উৎপাদন শিল্পের মতো ক্ষেত্রগুলিতে ভারত-মার্কিন সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে।
রিপোর্টের মূল বক্তব্য, এশিয়ায় চিনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই ভারতের সামরিক ও অর্থনৈতিক শক্তি যাতে আরও বৃদ্ধি না পায়, তার জন্য একাধিক ক্ষেত্রে বাধা তৈরির চেষ্টা করছে বেজিং।