
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছরের এক তরুণী। রবিবার ভোরে ওয়েব সিটি থানা এলাকার আর-১৫ সড়কে দ্রুতগতির স্পোর্টস বাইক চালাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন দু’জন, পরে হাসপাতালে তরুণীকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী ইকরা নিজেই স্পোর্টস বাইকটি চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে পেছনে বসেছিলেন প্রতিবেশী যুবক হাশিম (২০), যিনি সেই সময় মোবাইলে ভিডিও করছিলেন। অভিযোগ, স্টান্ট করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটছিল। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা চলছিল। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দু’জনই ছিটকে পড়েন রাস্তায় এবং গুরুতর জখম হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ইকরাকে মৃত ঘোষণা করেন, আর হাশিম বর্তমানে চিকিৎসাধীন।
তদন্তে জানা গেছে, দু’জনেই প্রতিবেশী এবং সকালে বাইক নিয়ে বেরিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখছে। প্রশাসনের তরফে আবারও সতর্কবার্তা, বেপরোয়া গাড়ি চালানো ও স্টান্ট প্রাণঘাতী হতে পারে, সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে বড় বিপদ।