
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমেরিকা-ইরান যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর এই প্রথম দুই নেতার মধ্যে সরাসরি কথা হল। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
এই ফোনালাপের কথা নিজেই এক্স হ্যান্ডেলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'বন্ধু' ট্রাম্পের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে মজবুত হয়, সেই বিষয়ে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী জানান, হরমুজ প্রণালী নিয়ে তাঁর সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে। ওই প্রণালী যাতে নিরাপদ রাখা যায়, তা ছিল আলোচনার বিষয়। অর্থাৎ পশ্চিম এশিয়ার বিষয়ে কথা বলেন দুই নেতা।
মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,'আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেছি। আমরা সব ক্ষেত্রেই সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। হরমুজ প্রণালী খোলা ও নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি।'
এদিকে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর ইঙ্গিত দিয়েছেন,আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি-সহ একাধিক বড় চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে। তিনি জআরও জানান ট্রাম্প ফোনালাপে মোদীকে বলেন, 'আমরা সবাই আপনাকে ভালোবাসি।'
প্রসঙ্গত, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা নিয়েও জোর জল্পনা চলছে। এর আগে ২ ফেব্রুয়ারি এবং ২৪ মার্চেও মোদী ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছিল। যেখানে বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল।