
'আমি বার্তা পেয়েছি। ওঁকে আমার জবাব হল, রাজসাক্ষী হন। পদত্যাগ করুন। সরে দাঁড়ান। এতে দেশের সেবা হবে। আমরা বুঝতে পারছি, আপনার উপর কী ধরনের চাপ রয়েছে।', আজ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এমনই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তিনি আরও বলেন, 'জ্ঞানেশ কুমার, আমরা জানি আপনার রাতের ঘুম উড়েছে। আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবই'। পাশাপাশি জানালেন, ২০০-এর বেশি সরকারি আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের সব তথ্য দিচ্ছেন।
এর পাশাপাশি সোমবার INDIA জোটের সুপ্রিম কোর্ট অভিযানকে ঘিরে দিল্লিতে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন নিয়েও সরব হয়েছেন রাহুল। এই বিষয়ে তাঁর প্রশ্ন, 'রাস্তায় ৩০ হাজার নিরাপত্তা কর্মী কেন?'
তিনি জানান, দিল্লির বিভিন্ন রাস্তায় সারি সারি বাস, দাঙ্গা মোকাবিলার গাড়ি এবং জলকামান মোতায়েন করা হয়েছে। এরপরই বিরোধী দলনেতা বলেন, 'আজ গোটা দিল্লিকে জেলখানা করে রাখা হয়েছে কেন? দিল্লি যেন দুর্গে পরিণত হয়েছে।'
মুখ্য নির্বাচন কমিশনারকে রক্ষা করছে মোদী সরকার
SIR-এ অনিয়ম নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে কংগ্রেস, সিজেপি সহ দেশের অধিকাংশ বিরোধী দল। এমন পরিস্থিতিতে নরেন্দ মোদী সরকারকে নিশানা করেন রাহুল গান্ধী। তাঁর মতে, মোদী সরকার জ্ঞানেশ কুমারকে বাঁচাতে চেয়ে 'বড় ভুল' করছে।
ইন্ডিয়া জোটের সুপ্রিম কোর্ট অভিযানের আগে রাহুল বলেন, 'লড়াইটা জনগণের সঙ্গে মোদী, শাহ এবং জ্ঞানেশের।'
জ্ঞানেশ কুমারকে বার্তা
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন কি না, এই প্রশ্নের জবাবে রাহুল গান্ধী জানান, তিনি বার্তা পেয়েছেন। একই সঙ্গে জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার এবং পদত্যাগ করার আহ্বান জানান তিনি।
রাহুল বলেন, 'হ্যাঁ, আমি বার্তা পেয়েছি। ওঁকে আমার জবাব হল, রাজসাক্ষী হন। পদত্যাগ করুন। সরে দাঁড়ান। এতে দেশের সেবা হবে। আমরা বুঝতে পারছি, আপনার উপর কী ধরনের চাপ রয়েছে।'
২০০-এর বেশি আধিকারিকের যোগাযোগ
সুপ্রিম কোর্ট অভিযানের আগে আরও একটি বড় দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, সরকারের ২০০ জন আধিকারিক বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের বিভিন্ন তথ্য দিচ্ছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, 'আপনাদের সরকারের ২০০ জন আধিকারিক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা আমাদের তথ্য দিচ্ছেন।'
তিনি আরও জানান, অনেক পুলিশকর্মীই তাঁদের সঙ্গে রয়েছেন। কেন তরুণদের মারা হচ্ছে?
রাহুলের কথায়, '৫০ শতাংশ পুলিশকর্মী আমাদের বলছেন, আপনারা যা করছেন, তা ঠিক। এভাবেই চালিয়ে যান।'