
দ্রাবিড়িয়ানদের দ্বৈত আধিপত্যের অবসান ঘটতে চলেছে তামিলভূমে। রবিবার তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তামিলাগা ভেট্টরি কাজাঘাম (TVK) প্রধান বিজয়। দীর্ঘদিনের DMK-ADMK বাইনারি পলিটিক্স সরিয়ে তামিনাড়ুরবাসী বেছে নিয়েছে জনপ্রিয় বিজয়ের দলকেই। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়েই ১০৮টি আসন পেয়েছে TVK। তারপর থেকেই শুরু হয় টানটান উত্তেজনা। নাটকীয় মোড় নেয় তামিলভূমের রাজনীতি। অবশেষে কংগ্রেস, CPIM, CPI, VCK, IUML-এর সঙ্গে জোট বেঁঝে ১১৮ ম্যাজিক ফিগারে পৌঁছয় বিজয়ের দল। সরকার গড়তে চলেছে তারা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন তারকা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থলপতি বিজয়।
এদিন সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে রয়েছে মেগা শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজয়ের শপথ নেওয়ার কথা ছিল দুপুর ৩টে ৪৫ মিনিটে। কিন্তু জ্যোতিষীর পরামর্শ মেনে ১০টায় শপথের সময় নির্ধারণ করা হয়েছে। বিজয়ের সঙ্গেই শপথ নেবেন ৯ জন মন্ত্রী।
TVK কংগ্রেসের ৫টি আসন, CPI-এর ২টি, CPIM-এর ২টি, VCK-র ২টি এবং IUML-এর ২টি আসনের সমর্থন পেয়েছে। বাংলার সঙ্গেই তামিলনাড়ুতেও নির্বাচন হয়। ফলাফল ঘোষণার পর থেকেই তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে VCK এবং IUML-এর সমর্থনে থলপতি বিজয়ের দল, TVK অবশেষে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন জোগাড় করে ফেলে।
ছেলে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছে, বাবা পরিচালক এসএ চন্দ্রশেখর বলেন, 'অত্যন্ত খুশি। আমি যা কিছু করেছি তা শুধু আমার ছেলের জন্যই। বিজয়ের মাধ্যমেই তামিল জনগণ সাফল্য অর্জন করবে।'