
ভোট গণনার আগে তামিলনাড়ুতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে, এই জল্পনা দেখা যেতেই আগে থেকে তৈরি অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া বিজয়ের দল, তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। নিজের সম্ভাব্য বিজয়ী প্রার্থীদের ঐক্যবদ্ধ রাখতে একটি বিশেষ কৌশল নিয়েছে TVK প্রধান। সূত্রের দাবি, ৪ মে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সব বিজয়ী প্রার্থীকে পানাইয়ুরে অবস্থিত দলের সদর দফতরে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বিজয়।
এছাড়াও, মহাবালিপুরমের কাছে পুঞ্জেরি এলাকায় একটি প্রাইভেট রিসোর্ট বুক করার প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে প্রয়োজনে বিজয়ী বিধায়কদের থাকার ব্যবস্থা করা হতে পারে। TVK-র এই কৌশলের লক্ষ্য হল, তাঁদের সম্ভাব্য বিজয়ী বিধায়কদের দলত্যাগ ঠেকানো। জানা গিয়েছে, এক্সিট পোলের পূর্বাভাসের পর বিজয় দলীয় কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন, সেখানেই এই কৌশল স্থির করেছে TVK। উল্লেখ্য, তামিলনাড়ুর এক্সিট পোলে বেশিরভাগ সমীক্ষা সংস্থাই ডিএমকে-র জয়ের পূর্বাভাস দিয়েছে।
এদিকে, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল বিজয়ের TVK-কে ৯৮ থেকে ১২০টি আসন দিয়েছে। TVK এর আগেও পুঞ্জেরির ওই একই রিসোর্টে রাজ্য-স্তরের সভা করেছে, যেখানে ১০০ জনেরও বেশি লোকের বসার ব্যবস্থা রয়েছে। দলটি যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের লিগ্যাল সেলকে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছে। এছাড়াও, ভোট গণনার দিনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলের সাধারণ সম্পাদক আদর্শ অর্জুনকে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (DMK) নিজেদের জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস দেখাচ্ছে। দলের মুখপাত্র সালেম ধরণীধরন দাবি করেছেন, ডিএমকে এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। তিনি বলেন, "এই নির্বাচন শুধু ক্ষমতার জন্য নয়, বরং ভবিষ্যতে একটি শক্তিশালী বিরোধী দল নির্ধারণের জন্যও বটে।" ধরণীধরন আরও বলেন, "এক্সিট পোল অনুযায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন ৪০ থেকে ৫৫ শতাংশ সমর্থন পাচ্ছেন, যেখানে অন্যান্য নেতারা অনেক পিছিয়ে আছেন।" তিনি বিজয়কে কটাক্ষ করে বলেন, রাজনীতি তাঁর জন্য শখ ছাড়া কিছুই নয়।