
ভারতের টু-হুইলার বাজারে বড় বদল। মান্থলি সেলসে প্রথমবার ভারতের এক নম্বর টু-হুইলার সংস্থা হয়ে উঠল TVS Motor Company। এত দিন তৃতীয় স্থানে ছিল TVS। অগাস্টে বিক্রির নিরিখে টপকে গেল হোন্ডা এবং হিরো মোটোকর্পকে।
শুধু তাই নয়। Hero MotoCorp-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে Honda Motorcycle & Scooter India। উৎসবের মরসুমের আগে দেশের টু-হুইলার বাজারে এই পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অগাস্টে TVS মোট ৫,৯১,৪৩৭টি টু-হুইলার পাঠিয়েছে ডিলারদের কাছে। গত বছরের একই মাসে এই সংখ্যা ছিল ৪,৯০,৭৮৮। অর্থাৎ এক বছরে বিক্রি বেড়েছে প্রায় ২১ শতাংশ। সংস্থার দাবি, এটিই তাদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ টু-হুইলার বিক্রি।
দেশের বাজারেও TVS-এর বিক্রি ভাল হয়েছে। অগস্টে ঘরোয়া বাজারে ৪,৩৩,৭৯৬টি টু-হুইলার বিক্রি করেছে সংস্থা। এক বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ৩.৬৭ লক্ষ। অন্য দিকে, সংস্থার বৈদ্যুতিক দু’চাকার ব্যবসাতেও বড় বৃদ্ধি দেখা গিয়েছে। ইলেকট্রিক টু-হুইলার বিক্রি বেড়েছে ১৩৭ শতাংশ। অগস্টে ৫৯,৪৫৩টি বৈদ্যুতিক দু’চাকা পাঠিয়েছে TVS।
রফতানিতেও এগিয়ে রয়েছে TVS। অগস্টে বিদেশের বাজারে ১,৫৭,৬৪১টি টু-হুইলার পাঠিয়েছে সংস্থা। গত বছরের তুলনায় রফতানি বেড়েছে ২৯ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা হোন্ডার মোট বিক্রি হয়েছে ৫,৭৯,১৬২টি। গত অগাস্টে বিক্রি হয়েছিল ৫,৩৪,৮৬১টি। অর্থাৎ এক বছরে বৃদ্ধি প্রায় ৮ শতাংশ। দেশের বাজারে হোন্ডা ৫,১৭,৩২৯টি টু-হুইলার বিক্রি করেছে। রফতানি হয়েছে ৬১,৮৩৩টি। রফতানিতে বৃদ্ধির হার প্রায় ১৫ শতাংশ।
এ বার তৃতীয় স্থানে নেমে গিয়েছে Hero MotoCorp। অগাস্টে সংস্থার মোট ডিসপ্যাচ ৫,৬৮,৩৯৮টি। গত বছরের অগস্টে ছিল ৫,৫৩,৭২৭টি। অর্থাৎ বৃদ্ধি মাত্র ২.৬৫ শতাংশের কাছাকাছি।
তবে হিরোর ইলেকট্রিক ব্র্যান্ড Vida-র ভাল সেল হয়েছে। Vida-র ডিসপ্যাচ বেড়ে হয়েছে ২৫,৫৫৮টি। এক বছরে বৃদ্ধি প্রায় ৩৮ শতাংশ। অন্য দিকে, হিরোর রফতানি কমেছে প্রায় ২৪.৬ শতাংশ।
চতুর্থ স্থানে রয়েছে Bajaj Auto। অগাস্টে সংস্থার টু-হুইলার ডিসপ্যাচ ৪,৪৩,৭৪৮টি। গত বছরের তুলনায় বৃদ্ধি প্রায় ৩০ শতাংশ। দেশের বাজারে বিক্রি বেড়েছে ১০ শতাংশ। রফতানিতেও বড় লাফ দিয়েছে বাজাজ। বিদেশে ২,৪১,৮৫০টি টু-হুইলার পাঠিয়েছে তারা। বৃদ্ধি প্রায় ৫৩ শতাংশ।
প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে ভাল পারফর্ম করেছে Royal Enfield। অগাস্টে মোট ১,২৬,৪৭৯টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় বৃদ্ধি ১১ শতাংশ। দেশের বাজারে বিক্রি বেড়ে হয়েছে ১,১৪,২০৪টি।
অন্য দিকে, Suzuki-র মোট টু-হুইলার বিক্রি হয়েছে ১,২০,৬১১টি। এক বছরে বৃদ্ধি প্রায় ৬ শতাংশ। দেশের বাজারে বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। তবে রফতানি কমেছে।
উৎসবের মরসুমের আগে দেশের টু-হুইলার বাজারে এই পরিসংখ্যান যথেষ্ট গুরুত্বপূর্ণ। অগাস্টে প্রায় সব বড় সংস্থার বিক্রিতেই বার্ষিক বৃদ্ধি হয়েছে। তবে সবচেয়ে বড় চমক দিয়েছে TVS। প্রথমবার মাসিক ডিসপ্যাচের হিসাবে দেশের এক নম্বর টু-হুইলার প্রস্তুতকারকের জায়গা দখল করেছে চেন্নাইয়ের এই সংস্থা।