Advertisement

UN Resolution এ Palestine এর পক্ষে ভোট দিল India, গোঁসা ইজরায়েলের, পুরো কেসটা বুঝুন

পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমির প্রাকৃতিক সম্পদের উপর সেখানকার বাসিন্দাদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘের এই প্রস্তাব আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

রাষ্ট্রসঙ্ঘে ভোটাভুটি।রাষ্ট্রসঙ্ঘে ভোটাভুটি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 10:14 PM IST
  • গাজা ও অন্যান্য সমস্ত অঞ্চল পুনর্গঠনের প্রস্তাব।
  • উন্নয়নমূলক প্রকল্পের কাজে জোর।

প্যালেস্তাইনের জমি, জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর অধিকার সেখানকার বাসিন্দাদেরই। এই দাবিকে সামনে রেখেই রাষ্ট্রসঙ্ঘে একটি প্রস্তাব আনা হয়েছিল। ভোটাভুটিতে অংশ নেয় ১৯৩টি দেশ। আর এই প্রস্তাবকে সমর্থন করেছে ভারত। প্রস্তাবে প্যালেস্তাইন, পূর্ব জেরুজালেম এবং সিরিয়ার গোলান মালভূমিতে বসবাসকারী মানুষের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। বর্তমানে এই তিনটি অঞ্চলের উপরেই ইজরায়েলের নিয়ন্ত্রণ। প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, এই তিন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর অধিকার সেখানকার বাসিন্দাদেরই।

১১ নভেম্বর রাষ্ট্রসঙ্ঘের দ্বিতীয় কমিটি এই প্রস্তাবে অনুমোদন দেয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫১টি দেশ। যার মধ্যে রয়েছে ভারত, ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সদস্য দেশ এবং কানাডা। অন্যদিকে, ৭টি দেশ প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেয়। সেই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল, কলম্বিয়া, প্যারাগুয়ে, পালাউ, নাউরু এবং মাইক্রোনেশিয়া। ১১টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবে বলা হয়েছে, পূর্ব জেরুজালেম এবং তার আশপাশের এলাকায় ইজরায়েল যে দেওয়াল এবং বসতি নির্মাণ করেছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এর ফলে প্যালেস্তাইনের বাসিন্দারা তাঁদের প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শও মেনে চলার কথাও বলা হয়েছে। ২০০৪ সালের জুলাই মাসে ওই আদালত জানিয়েছিল, প্যালেস্তাইনের অধিকৃত অঞ্চলে ইজরায়েলের দেওয়াল নির্মাণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আদালতের নির্দেশ ছিল, অবিলম্বে দেওয়াল নির্মাণের কাজ বন্ধ করতে হবে এবং প্যালেস্তাইনের ভূখণ্ডে ইতিমধ্যে নির্মিত দেওয়ালের অংশ ভেঙে ফেলতে হবে।

প্রস্তাবে ইজরায়েলকে আন্তর্জাতিক আইন এবং মানবিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিবেশের ক্ষতি করে এমন সমস্ত কার্যকলাপ বন্ধ করার কথাও বলা হয়েছে ওই প্রস্তাবে। যেমন বর্জ্য পদার্থ ফেলা বন্ধ করা, জল, নিকাশি এবং বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামোর ক্ষতি রোখার দাবি।

প্যালেস্তাইনের প্রতিক্রিয়া

এই প্রস্তাব প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর বলেছেন, প্রস্তাবের পক্ষে বিপুল সংখ্যক দেশের ভোট আন্তর্জাতিক মহলে প্যালেস্তাইনের প্রতি সমর্থনেরই প্রতিফলন। গাজায় জলপাই চাষের উপর হামলার বিষয়টিও তিনি তুলে ধরেছেন।

Advertisement

ইজরায়েলের প্রতিক্রিয়া কী?

প্রস্তাবটিকে একপেশে বলে দাবি করেছে ইজরায়েল। তাদের বক্তব্য, এতে প্যালেস্টাইনের নেতৃত্বের দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং হামাসের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষা করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র কী বলল?

এই প্রস্তাবকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে ট্রাম্পের দেশ। পাশাপাশি প্যালেস্তাইন কর্তৃপক্ষকে 'পে ফর স্লে' নীতি বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। এই নীতির মাধ্যমে হামলাকারীদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয় বলে অভিযোগ আমেরিকার।
 

Read more!
Advertisement
Advertisement