Advertisement

Lockdown: দেশে কি ফের লকডাউন হবে? মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকও ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে দেওয়া ভাষণেও কোভিড কালের সঙ্কট স্মরণ করিয়েছিলেন দেশবাসীকে। তারপর থেকেই গুজব রটে যায়, দেশে ফের লকডাউন হবে। এই নিয়ে মুখ খুলল কেন্দ্র।

লকডাউন লকডাউন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 11:19 AM IST
  • দেশে কি ফের একবার লকডাউন হচ্ছে?
  • প্রধানমন্ত্রী কেন স্মরণ করিয়েছেন কোভিড কালের কথা?
  • এই নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং তার জেরে তৈরি হওয়া জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে দেশজুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দেওয়া ভাষণে কোভিড কালের সঙ্কট স্মরণ করিয়েছেন দেশবাসীকে। শুক্রবার সন্ধ্যায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকও ডেকেছেন। এই সবকিছুর মধ্যেই দেশজুড়ে লকডাউনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সমস্ত গুজব উড়িয়ে জানান, দেশে কোনও লকডাউন হচ্ছে না। 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী শুক্রবার স্পষ্ট করে জানিয়েছেন, কোভিড-১৯ কালের মতো দেশজুড়ে লকডাউন হওয়ার গুজব সম্পূর্ণ ভুয়ো। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ হলেও কেন্দ্রীয় সরকার এমন কোনও পদক্ষেপের কথা ভাবছে না। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'ভারতে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি পরিষ্কার ভাবে জানাতে চাই, সরকারের তরফে এমন কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। এই ধরনের পরিস্থিতিতে আমাদের শান্ত, দায়িত্বশীল এভং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।' 


 

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে আতঙ্কে ছুটতে দেখা গিয়েছে মানুষকে। এবং LPG সিলিন্ডারের সরবরাহে ঘাটতিও রয়েছে দেশজুড়েই। এর জেরেই সম্ভাব্য লকডাউন নিয়ে গুজব ছড়াতে শুরু করে।

তবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বস্ত করেছেন, ভারতের জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন, জ্বালানি ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, 'নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার নাগরিকদের জন্য জ্বালানি, শক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত।' এছাড়াও তিনি বলেন, 'বিশ্বে অনিশ্চয়তার মধ্যেও ভারত অতীতে দৃঢ়তা দেখিয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে পরিস্থিতির মোকাবিলা করবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবারই ভোটের প্রচারে পাণ্ডবেশ্বরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'লকডাউন করবে কি না ভাবছে। জানি না। করলে করবে। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবে। জেনে রাখুন, কোভিডের সময়ও লকডাউন ছিল। আমরা ২১ সালে যদি কোভিডের মধ্যে লড়াই করতে পারি, তাহলে যে কোনও পরিস্থিতির মধ্যে লড়াই করার জন্য রাজি রয়েছি।'

   

 

Read more!
Advertisement
Advertisement