
লিভ ইন রিলেশন ও সমলিঙ্গে বিবাহ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। তাঁর মতে, লিভ ইন রিলেশন ও সমলিঙ্গে বিয়ে, এই দুই-ই সামাজিক নিয়মের পরিপন্থী। সমাজের ভারসাম্য ভেঙে পড়ে। কেন? তার ব্যাখ্যাও দিলেন গড়করি।
লিভ ইন রিলেশন ঠিক নয়
একটি ইউটিউব পডকাস্টে লিভ ইন রিলেশন ও সমলিঙ্গে বিয়ে নিয়ে নিজের মত জানাতে গিয়ে গড়করির বক্তব্য, লিভ ইন রিলেশন ঠিক নয়।
তাঁর কথায়, 'আমি একবার ব্রিটেনের পার্লামেন্টে গিয়েছিলাম, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীকে জিগ্গেস করেছিলাম, এই মুহূর্তে আপনারা দেশে কোনও সামাজিক সমস্যা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত? দুজনেই বলেছিলেন, ইউরোপের দেশগুলিতে সবচেয়ে বড় সামাজিক সমস্যা হল, ছেলে-মেয়েরা বেশির ভাগই লিভ ইন রিলেশন বেছে নিচ্ছেন, বিয়ে করছেন না। আপনি যদি বিয়ে না করেন, কীভাবে সন্তান হবে? সন্তান যদিও হয়ও, সেই সন্তানের ভবিষ্যত্ কী? আপনি সামাজিক কাঠামোকে না মানলে, তার প্রভাব তো পড়বেই।'
ভারতের দম্পতিদের বেশি সন্তান উত্পাদন করা উচিত?
তাহলে ভারতের দম্পতিদের বেশি সন্তান উত্পাদন করা উচিত? কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর, 'এই নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। সন্তান উত্পাদন করা ও তাদের ভাল ভাবে বড় করে তোলা মা-বাবার দায়িত্ব। লিভ ইন রিলেশনের প্রবণতা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কারণ সমাজের কিছু নিয়ম-নীতি থাকে, সেগুলি অনুসরণ করা উচিত।'
সমলিঙ্গ বিবাহের জেরেও সামাজিক কাঠামো ভেঙে পড়বে
সমলিঙ্গ বিবাহ নিয়েও মত ব্যক্ত করলেন গড়করি। তাঁর মতে, সমলিঙ্গ বিবাহের জেরেও সামাজিক কাঠামো ভেঙে পড়বে। ভারতে কি তবে সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধ করা উচিত? গড়করির কথায়, 'একদমই নয়। কিন্তু লিভ ইন রিলেশন ঠিক নয়।'
পুরুষদের দুটি বিয়ের অনুমতির বিষয়ে ভাবতে হতে পারে
দেশে সব লিঙ্গের ভারসাম্য বজায় রাখার উপরেও জোর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এ ক্ষেত্রে তাঁর মন্তব্য, 'দেড় হাজার মহিলা ও ১০০০ পুরুষ, এরকম রেশিয়োতে কখনও পৌঁছলে, আমাদের হয়তো পুরুষদের দুটি বিয়ের অনুমতির বিষয়ে ভাবতে হতে পারে।'