
উত্তরপ্রদেশে কি সপা ও কংগ্রেসের মধ্যে বিবাদের ক্ষেত্র তৈরি? দুই পক্ষই আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের পক্ষে থাকলেও সিট বিভাজন নিয়ে তৈরি হচ্ছে দ্বিমত। সূত্রের দাবি, কংগ্রেসকে ৫০-৬০টির বেশি আসন ছাড়তে নারাজ সমাজবাদী পার্টি। অন্যদিকে, কংগ্রেসের ইচ্ছে কমপক্ষে ১০০-১৫০টি সিটে লড়ার। সিট বিভাজন নিয়ে যখন এই দ্বিমত চলছে, তখনই বড় দাবি করলেন আর এক কংগ্রেস নেতা হাসিব খান।
সমাজবাদী পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের স্টেট ভাইস প্রেসিডেন্ট হাসিব খান দাবি করেছেন, কংগ্রেস ও এসপি জোটে মুসলমানদের জন্য ১০০টি আসন সংরক্ষিত রাখা উচিত এবং বাকি আসনগুলো অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এক্ষেত্রে তাঁর যুক্তি, এরাজ্যে জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম এবং তাই তাদের আরও বেশি আসন পাওয়া উচিত।
হাসিব খান ব্যাখ্যা করেছেন, তিনি সমাজবাদী পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন কারণ দলটি মুসলিমসহ সবাইকে সম্মান করে। তিনি বিশ্বাস করছেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হলে জোট ১০০ আসনের কম কিছুতেই রাজি হবে না।
এই নেতার দাবি, "আমাদের ২০ শতাংশ অংশ শুধু ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত না। আসন ভাগাভাগিও এরও একটি অংশ হওয়া উচিত।" হাসিব খান বলেন, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী এলাকাগুলোতে মুসলিম প্রার্থীদের টিকিট দেওয়া উচিত ।
উল্লেখ্য, গত প্রাস এক মাস ধরেই কংগ্রেস ও সপা-র জোট নিয়ে নানা আলোচনা চলছে। কংগ্রেস শুরু থেকেই আসন সমঝোতা নিয়ে চাপ দিচ্ছে। যত দ্রুত সম্ভব কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে কতগুলি আসনে সমঝোতা হবে এবং কোন কোন আসন কোন দলের কাছে যাবে, তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে কংগ্রেস। তাদের যুক্তি, দেরি হলে কংগ্রেসের বড় ক্ষতি হতে পারে। অন্যদিকে, সিট বণ্টনের ক্ষেত্রে অখিলেশ যাদব বারবার ‘জয়ের সম্ভাবনা’-কে মূল মাপকাঠি হিসেবে তুলে ধরছেন বলে দাবি।