
উত্তরপ্রদেশে একাধিক জেলায় ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ পড়েছে। এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তাঁর এই দাবি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব কটাক্ষ করেছেন, নিজের পা ফাটার পর অন্যের ব্যথার কথা মনে পড়ল।
ঠিক কী দাবি করেছেন যোগী আদিত্যনাথ? ৩০ অক্টোবর বিজেপির রাজ্য কার্যসমিতির বৈঠকে যোগী আদিত্যনাথ দাবি করেন, ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটার বাদ গিয়েছেন তালিকা থেকে। পরিসংখ্যান তুলে ধরেন যোগী। তাঁর দাবি ছিল, প্রায় ৬৬ লক্ষ এমন ভোটার রয়েছেন, যাঁদের নাম পঞ্চায়েতের ভোটার তালিকায় রয়েছে, অথচ বিধানসভার ভোটার তালিকায় নেই। সরকারি স্কিমে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার নামও ভোটার তালিকায় নেই।
গত সপ্তাহে 'আজতক পঞ্চায়েত অযোধ্যা' অনুষ্ঠানেও একই কথা শোনা গিয়েছে যোগীর মুখে। তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং ১৮-১৯ বছর বয়সি তরুণ-তরুণীরাও রয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই এই সমস্ত ভোটারের নাম তালিকায় ফের অন্তর্ভুক্ত করার কাজ ফেলে রাখা যাবে না। সেই লক্ষ্যপূরণে দলের সমস্ত নেতা ও কর্মীকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রতিদিন এই অভিযানের অগ্রগতি পর্যালোচনা করা হবে। গোটা প্রক্রিয়ার উপর নিজে নজর রাখবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যোগীর হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার দাবি ঘিরে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা পবন খেড়া। তিনি বলেন,'আজ উনি এই কথা বলছেন। আমরা তো কয়েক মাস ধরেই বলে আসছি, দেশজুড়ে যেখানে যেখানে এসআইআর হচ্ছে, সেখানেই ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে'।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন,'শপথ নেওয়া কোনও মুখ্যমন্ত্রী কখনও বলতে পারেন না যে ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে। মুখ্যমন্ত্রী কী ভাবে এই তথ্য জানলেন? আমরা যদি বলি, পিডিএ-র ৯০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে, তা হলে কী হবে?'
যোগীর দাবিকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা।