Advertisement

'জম্মু-কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ', শ্রীনগরে বড় মন্তব্য আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোরের

ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার সময়েই গোরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সন্ত্রাসবাদ দমন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও গোরের আলোচনা হয়েছে।

ওমর আবদুল্লা ও সার্জিও গোর ওমর আবদুল্লা ও সার্জিও গোর
Aajtak Bangla
  • শ্রীনগর ,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 7:09 PM IST
  • ভারতের দীর্ঘদিনের অবস্থানকে জোরালো সমর্থন আমেরিকার
  • কী বললেন তিনি?

ভারতের দীর্ঘদিনের অবস্থানকে জোরালো সমর্থন করে বুধবার আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর জম্মু ও কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করলেন। প্রথমবার শ্রীনগর সফরে এসে এই মন্তব্য করেন তিনি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পরই গোরের এই মন্তব্য সামনে আসে। ৩৭০ ধারা বাতিল এবং পহেলগাঁও হামলার পর এটিই কোনও আমেরিকান রাষ্ট্রদূতের প্রথম একক কাশ্মীর সফর।

গোর বলেন, 'এখানে আসতে পেরে আমি আনন্দিত। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রথম আমি এখানে এলাম। জায়গাটি অবিশ্বাস্য রকম সুন্দর। এখানে এসে এবং এই জায়গাটি দেখে আমি অত্যন্ত আনন্দিত।'

গোরের এই মন্তব্যকে ভারতের অবস্থানের প্রতি গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবেই দেখা হচ্ছে। ভারত বরাবরই বলে এসেছে, জম্মু ও কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। অন্যদিকে, পাকিস্তান বারবার এই অঞ্চলে উত্তেজনা তৈরির চেষ্টা করে এসেছে।

কেন গুরুত্বপূর্ণ গোরের কাশ্মীর সফর?

ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার সময়েই গোরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সন্ত্রাসবাদ দমন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও গোরের আলোচনা হয়েছে।

বিভিন্ন দিক থেকেই এই সফরকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। ১৫ বছরেরও বেশি সময় পর কোনও দায়িত্বপ্রাপ্ত আমেরিকাব রাষ্ট্রদূত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। এর আগে ২০১১ সালে তৎকালীন  রাষ্ট্রদূত টিমোথি রোমার ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছিলেন।

এ ছাড়া, কোনও আমেরিকান রাষ্ট্রদূতের শেষ একক কাশ্মীর সফর হয়েছিল ২০১৮ সালে। সেই সময় কেনেথ জাস্টার কাশ্মীরে গিয়েছিলেন, পিডিপি-বিজেপি জোট সরকার ভেঙে পড়ার কিছুদিন পরই। ২০২০ সালেও জাস্টার কাশ্মীরে গিয়েছিলেন, তবে তখন তিনি একটি বহুদেশীয় প্রতিনিধিদলের অংশ ছিলেন।

ফলে গোরের সফর জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে আমেরিকার সরাসরি যোগাযোগের ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে।

'ওয়াশিংটন আমাদের সমস্যার সমাধান করবে না'

Advertisement

গোরের সঙ্গে বৈঠকের আগে অবশ্য সফরটিকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাননি ওমর আবদুল্লা। তিনি স্পষ্ট করে দেন,কাশ্মীরের সমস্যা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের কাছে কোনও অভিযোগ জানাবেন না।

জম্মু ও কাশ্মীরে তাঁর ন্যাশনাল কনফারেন্স সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওমর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

গোরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের ওমর বলেন, 'ওয়াশিংটন আমাদের সমস্যার সমাধান করবে না, কেন্দ্রীয় সরকারই করবে। আমি বরং তাঁর কথা শুনতে চাই, অভিযোগ করতে নয়।'

তিনি আরও বলেন, অন্য কোনও দেশের রাষ্ট্রদূতের কাছে নিজের দেশের সমস্যা নিয়ে অভিযোগ করা তাঁর অভ্যাস নয়। ওমরের কথায়, 'আমাদের সমস্যাগুলি মার্কিন রাষ্ট্রদূতের নয়।' 

Read more!
Advertisement
Advertisement