
খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে আমেরিকার মাটিতে খুনের ষড়যন্ত্র। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে কারাদণ্ড দিল মার্কিন আদালত। তাকে ১৯ বছরেরও বেশি জেল খাটতে হবে। শুক্রবার আমেরিকার একটি ফেডারেল আদালত এই সাজা ঘোষণা করেছে।
কতদিনের জেল?
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতের বিচারক ভিক্টর মাররো নিখিল গুপ্তকে ২৩৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। অর্থাৎ ১৯ বছর ৭ মাস জেল খাটতে হবে তাকে। শুক্রবার প্রায় ৮০ মিনিটের শুনানি চলে। তারপরই এই সাজা ঘোষণা হয়।
পান্নুন আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিক। এই ব্যক্তি খলিস্তানি জঙ্গি হিসেবে পরিচিত। তাই এই মামলার আন্তর্জাতিক স্তরেও গুরুত্ব রয়েছে। কারণ, মার্কিন তদন্তকারীদের অভিযোগ ছিল, আমেরিকায় পান্নুনকে খুনের ছকে ভারত সরকারের সঙ্গে যুক্ত কয়েকজনের ভূমিকা ছিল। যদিও এই অভিযোগ প্রমাণিত হয়।
মাথায় রাখতে হবে, ৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত চলতি বছরের গোড়ায় তিনটি অভিযোগ স্বীকার করে নিয়েছিল। অভিযোগগুলি হল, টাকার বিনিময়ে খুনের ছক, টাকার বিনিময়ে খুনের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। ২০২৩ সালে নিউইয়র্কে পান্নুনকে খুনের ব্যবস্থা করার চেষ্টার অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
শুক্রবারের শুনানিতে নিজের ভূমিকার জন্য সংক্ষিপ্ত বক্তব্যে অনুশোচনা প্রকাশ করে নিখিল। অন্যদিকে, পান্নুন আদালতকে জানায়, লাইফ থ্রেটের হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে ১,২০০ দিনেরও বেশি সময় ধরে আইনজীবীর কাজ করতে পারেনি সে। শুনানির আগে পান্নুনের বেশ কয়েকজন সমর্থকও আদালতের বাইরে জড়ো হয়েছিল। তাদের হাতে নিখিল গুপ্ত এবং এই মামলার সঙ্গে যুক্ত অন্যদের কুশপুতুল ছিল।
কীভাবে বানচাল হয়েছিল পান্নুনকে খুনের ছক?
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে এই হত্যার ষড়যন্ত্র শুরু হয়। সেই সময় নিখিল গুপ্ত এমন কয়েকজনের সঙ্গে যোগাযোগ শুরু করে, যারা নিউইয়র্কে পান্নুনকে খুনের ব্যবস্থা করতে সাহায্য করতে পারে বলে তার ধারণা ছিল।
মার্কিন আদালতের চার্জশিট এবং অন্যান্য নথি অনুযায়ী, এই ষড়যন্ত্রে বিকাশ যাদব নামে এক ব্যক্তির সঙ্গে কাজ করেছিল নিখিল। এই মামলায় সহ অভিযুক্ত বিকাশের বিরুদ্ধে গোটা অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগ, বিকাশ নিখিলকে এমন একজনের সঙ্গে যোগাযোগ করতে বলেছিল, যে পান্নুনকে খুনের ব্যবস্থা করতে পারবে।
কিন্তু নিখিল যার সঙ্গে যোগাযোগ করেছিল, সেই ব্যক্তি কোনও অপরাধ চক্রের সদস্য ছিলেন না। সে আসলে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-এর হয়ে কাজ করা এজেন্ট ছিলেন।
ওই ব্যক্তিকে ভাড়াটে খুনি জোগাড় করার লোক বলে মনে করে নিখিল পান্নুনকে খুনের জন্য সাহায্য চায় বলে অভিযোগ।
তদন্তে উঠে আসে, পান্নুনকে খুনের জন্য ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। তদন্তকারীদের অভিযোগ, নিখিলের মধ্যস্থতায় বিকাশ যাদব ওই টাকা দিতে রাজি হয়েছিল।
২০২৩ সালের ৯ জুন বা তার আশপাশের কোনও এক সময়ে নিখিল ও বিকাশ এক সহযোগীর মাধ্যমে ওই গোপন সূত্রের হাতে ১৫ হাজার মার্কিন ডলার নগদ অগ্রিম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল বলে অভিযোগ।
কিন্তু নিখিল যাকে হত্যার ব্যবস্থা করার মধ্যস্থতাকারী বলে মনে করেছিল, সেই ব্যক্তি আসলে মার্কিন তদন্তকারীদের সঙ্গে কাজ করছিলেন। ফলে DEA গোটা পরিকল্পনার উপর নজর রাখতে পারে। সেই সঙ্গে ষড়যন্ত্র সংক্রান্ত প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত তদন্তের সূত্র ধরে গ্রেফতার করা হয় নিখিল গুপ্তকে। আমেরিকায় তার বিরুদ্ধে মামলা শুরু হয়। পরে তিনটি অভিযোগই স্বীকার করে নিখিল।
সাজা ঘোষণার আগে আদালতে একটি ব্যক্তিগত চিঠিও জমা দিয়েছিল নিখিল গুপ্ত। সেখানে নিজের ভূমিকার কথা স্বীকার করে সিদ্ধান্তগুলির জন্য অনুশোচনা প্রকাশ করে সে।
চিঠিতে নিখিল লেখে, 'ইশ, যদি সময়কে পিছিয়ে ২০২৩ সালে ফিরে গিয়ে নিজের ভুলগুলো শুধরে নিতে পারতাম। আমি যে মানুষে পরিণত হয়েছিলাম, তাকে নিজেই আর চিনতে পারি না।'