
Voter List Revision India: SIR-এর দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ২ কোটি নতুন ভোটারের নাম যোগ হয়েছে। একই সঙ্গে বিপুল সংখ্যক নাম বাদও পড়েছে। সব মিলিয়ে সংশোধনের পর এখন মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫.৮ কোটি। এমনই তথ্য দিল Election Commission of India।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর শুরু হওয়া SIR-এর শুরুতে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৫১ কোটি। দ্বিতীয় দফা শেষে দেখা যাচ্ছে, মোট বাদ পড়া নামের সংখ্যা প্রায় ৫.২ কোটি, যা মোট ভোটারের প্রায় ১০.২ শতাংশ। যদিও মোট ৭.২ কোটি নাম তালিকা থেকে সরানো হয়েছিল, তার মধ্যে নতুন ভোটার হিসেবে প্রায় ২ কোটি নাম যুক্ত হওয়ায় এই সংখ্যা কমে এসেছে।
কেন এত নাম বাদ গেল?
কমিশনের দাবি, প্রায় ৬.৫ কোটিরও বেশি ভোটারকে চিহ্নিত করা হয়েছে যারা অনুপস্থিত, ঠিকানা বদল করেছেন, মৃত, একাধিক জায়গায় নাম নথিভুক্ত করেছেন বা অন্য কোনও কারণে তালিকায় থাকা উচিত ছিল না। এই কারণেই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৬৬.৯ লক্ষ নাম মৃত্যুজনিত কারণে সরানো হয়েছে। প্রায় ১.৩ কোটি নাম একাধিক জায়গায় থাকার কারণে বাদ পড়েছে। একইভাবে ১.৩ কোটি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি তাঁদের ঠিকানায়। প্রায় ৩.১ কোটি মানুষ স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। আরও কিছু নাম ‘অন্যান্য’ বিভাগে বাদ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি ফর্ম-৭ এর মাধ্যমে আপত্তির ভিত্তিতেও প্রায় ৬৩.২ লক্ষ নাম বাদ পড়েছে। শুধু পশ্চিমবঙ্গেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ২৭.২ লক্ষ নাম তালিকা থেকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে। আবার আপত্তির ভিত্তিতে আরও প্রায় ৬ লক্ষ নাম বাদ পড়েছে।
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, ভোটার তালিকা পরিষ্কার করার কাজ জোরকদমে চলছে। কমিশনের এক কর্তার দাবি, এই ‘পরিষ্কার’ তালিকার ফলে ভুয়ো ভোট দেওয়ার সম্ভাবনা কমবে। ফলে নির্বাচনের স্বচ্ছতা বাড়বে। ইতিমধ্যেই অসম ও পুদুচেরিতে ভোটের শতাংশ বেড়েছে বলেও দাবি করা হয়েছে।
রাজ্যভিত্তিক হিসাব বলছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি সংশোধন হয়েছে; প্রায় ১৬.৬ শতাংশ। এরপর রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত ও ছত্তীসগঢ়। পশ্চিমবঙ্গ এই তালিকায় পঞ্চম স্থানে। বাংলায় মোট প্রায় ১০.৯ শতাংশ নাম বাদ পড়েছে।
অন্যদিকে নতুন ভোটার যুক্ত হওয়ার ক্ষেত্রেও এগিয়ে উত্তরপ্রদেশ। সেখানে প্রায় ৯২.৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন। তামিলনাড়ু, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাতেও উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন।
সব মিলিয়ে কমিশনের দাবি, এই প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা এখন আরও নির্ভুল ও স্বচ্ছ হয়েছে। তবে বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্নও উঠছে। অনেকেই জানতে চাইছেন, তাঁদের নাম তালিকায় রয়েছে কি না। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, ভোটের আগে নিজের নাম ভোটার তালিকায় আছে কি না, তা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।