
উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনে বারাণসী ও লখনউয়ের গ্র্যাজুয়েটস কেন্দ্র সহ পাঁচটি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (সপা)। আর ১১টি আসনের মধ্যে ছ'টিতে জিতেছে বিজেপি। এই ফলাফল সামনে আসতেই বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। তাঁর দাবি, বিধান পরিষদ ভোটের ফলাফল সাধারণ মানুষের নয়, বরং শিক্ষিত ভোটারদের রায়।
বৃহস্পতিবার রাজভর বলেন, 'মানুষ তাঁদের রায় দিয়েছেন। এটা শিক্ষিত মানুষের রায়। আমরা এই রায়কে স্বাগত জানাই। এগুলি শিক্ষিত মানুষের ভোট, সাধারণ মানুষের নয়। বিধানসভা নির্বাচনের সময় এই শিক্ষিত মানুষদেরই আর বুথে দেখা যাবে না। তখন বুথে দেখা যাবে সাধারণ ভোটারদের।'
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ছ'টিতে। অন্যদিকে বারাণসীর দু'টি আসন সহ মোট পাঁচটি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধান পরিষদের এই নির্বাচন বিজেপি ও সমাজবাদী পার্টির কাছে কার্যত সম্মানের লড়াই ছিল।
যেখানে জেতার কথা নয়, সেখানেও জিতেছে সপা, দাবি কেশব মৌর্যের
বিধান পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও। তাঁর দাবি, সমাজবাদী পার্টি এমন কিছু আসনে জয় পেয়েছে, যেখানে তাদের জেতার কথা ছিল না। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিজেপি আরও বেশি আসনে জয়ের আশা করেছিল।
মঙ্গলবার লখনউয়ে মৌর্য বলেন, 'আমরা আরও বেশি আসনে জয়ের আশা করেছিলাম। কিন্তু ততগুলি আসনে জিততে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে। সমাজবাদী পার্টি এমন কিছু জায়গায় জিতেছে, যেখানে তাদের জেতার কথা নয়। আমরা আত্মসমীক্ষা করব। আগামী নির্বাচনে বিজেপিকে ফের জেতাতে প্রয়োজনীয় চেষ্টা করা হবে।'
বারাণসী ও লখনউয়ের গ্র্যাজুয়েটস কেন্দ্রে সপার জয়
নির্বাচন আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বারাণসী গ্র্যাজুয়েটস কেন্দ্র থেকে ৫৫,০৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিনহা। এর আগে ভোট গণনার নবম রাউন্ডের পর তিনি বিজেপি প্রার্থী কেদারনাথ সিংয়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন। সেই সময় আশুতোষ পেয়েছিলেন ৫০,৪৬২ ভোট। অন্যদিকে কেদারনাথ সিংয়ের ঝুলিতে ছিল ৩৩,৪৭৮ ভোট।
পরাজয় স্বীকার করে সমাজমাধ্যমে পোস্ট করেন বিজেপি প্রার্থী কেদারনাথ সিং। ভোটারদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিনয়ের সঙ্গে জনমত মেনে নেওয়ার কথাও জানান তিনি।
অন্যদিকে লখনউ গ্র্যাজুয়েটস কেন্দ্রেও বিজেপিকে হারিয়েছে সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির প্রার্থী কান্তি সিং পরাজিত করেছেন বিজেপির অবনীশ কুমার সিংকে। গণনার আটটিরও বেশি রাউন্ডের পর কান্তি সিং পেয়েছিলেন ৫১,১৬৮ ভোট। অন্যদিকে, অবনীশ কুমার সিংয়ের প্রাপ্ত ভোট ছিল ৩৬,৩১৩। জেলার এক শীর্ষ আধিকারিক কান্তি সিংয়ের জয় নিশ্চিত করে তাঁকে নির্বাচনের শংসাপত্র দেওয়ার কথা জানান।
গত ২৩ অক্টোবর বিধান পরিষদের ১১টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। মঙ্গলবার থেকে শুরু হয় ভোটগণনা।
বুধবারের মধ্যে বিজেপি আগ্রা গ্র্যাজুয়েটস কেন্দ্র, বেরিলি-মোরাদাবাদ টিচার্স কেন্দ্র, লখনউ টিচার্স কেন্দ্র, মিরাট টিচার্স ও গ্র্যাজুয়েটস কেন্দ্র এবং গোরক্ষপুর-ফৈজাবাদ টিচার্স কেন্দ্রে জয় পেয়েছিল।
অন্যদিকে, এলাহাবাদ-ঝাঁসি গ্র্যাজুয়েটস কেন্দ্র এবং বারাণসী ও আগ্রা-আলিগড় টিচার্স কেন্দ্রে জিতেছিল সমাজবাদী পার্টি। পরবর্তী সময়ে বারাণসী ও লখনউ গ্র্যাজুয়েটস কেন্দ্রের ফলাফল প্রকাশিত হলে SP-র আসনসংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচে।