Advertisement

Bangladeshi: বাংলাদেশিদের তাড়ানোর গাইডলাইনটি ঠিক কী? শাহের মন্ত্রকের তরফে মিলল না স্পষ্ট উত্তর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনও স্পষ্ট উত্তর দিতে পারল না। অবৈধ বাংলাদেশি নাগরিকদের ভারতে থেকে ফেরত পাঠানো বা 'ডিপোর্ট' করার বিষয়ে কেন্দ্রীয় সরকার ঠিক কী নিয়ম মেনে কাজ করে, তা জানাতে চায়নি কেন্দ্র।

বাংলাদেশি ফেরত পাঠানো নিয়ে RTI বাংলাদেশি ফেরত পাঠানো নিয়ে RTI
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 May 2026,
  • अपडेटेड 9:37 AM IST
  • অমিত শাহের মন্ত্রক জানায়, প্রশ্নটি 'vague' বা অস্পষ্ট
  • বাংলাদেশি তাড়াতে অ্যাকশন শুরু পশ্চিমবঙ্গে
  • RTI উত্তরে আরও কী জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তাড়ানোর অভিযানে জোরদার নেমে পড়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ব্যাপক ভাবে চলছে 'Detect, Delete, Deport' প্রক্রিয়া। এহেন পরিস্থিতিতে বাংলাদেশিদের ডিপোর্ট করার কোনও SOP (Standard Operating Procedure) বা নির্দিষ্ট গাইডলাইন আছে কি না, তা নিয়ে একটি RTI ফাইল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনও স্পষ্ট উত্তর দিতে পারল না। অবৈধ বাংলাদেশি নাগরিকদের ভারতে থেকে ফেরত পাঠানো বা 'ডিপোর্ট' করার বিষয়ে কেন্দ্রীয় সরকার ঠিক কী নিয়ম মেনে কাজ করে, তা জানাতে চায়নি কেন্দ্র।

অমিত শাহের মন্ত্রক জানায়, প্রশ্নটি 'vague' বা অস্পষ্ট

India Today-র তরফে দাখিল করা RTI-এ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কেন্দ্রীয় নিয়ম জানতে চাওয়া হয়। জানতে চাওয়া হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক চুক্তি বা ব্যবস্থা রয়েছে কি না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে উত্তরে জানানো হয়েছে, এই তথ্যের অনেকটাই ব্যুরো অফ ইমিগ্রেশনের কাছে আছে। কিন্তু সমস্যা হল, ব্যুরো অফ ইমিগ্রেশন নিজেই RTI আইনের আওতার বাইরে। তাই SOP বা বাংলাদেশের সঙ্গে ডিপোর্টেশন মেকানিজম আছে কি না জানতে চাইলে অমিত শাহের মন্ত্রক জানায়, প্রশ্নটি 'vague' বা অস্পষ্ট। ফলে তারা তথ্য দিতে পারছে না।

বাংলাদেশি তাড়াতে অ্যাকশন শুরু পশ্চিমবঙ্গে

বস্তুত, পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, আগামী ৩০ দিনের মধ্যে সব জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করে ফেলতে হবে। এই সব হোল্ডিং সেন্টারেই রাখা হবে অবৈধ বাংলাদেশিদের। তারপর তাদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। শুভেন্দুর কথায়, 'এদের চলে যাওয়া উচিত। বাংলাদেশের মুখপাত্র বলেছিলেন, বাংলাদেশিদের ফেরত নেবেন। জলদি জলদি ভাগো। জলদি জলদি ভাগো। নাহলে এই সরকার যা করার করবে। আমরা বলে দিয়েছি , বাংলাদেশের অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনও দরকার নেই। আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং BSF-এর হাতে হ্য়ান্ডওভার করবে। BSF-এর যা ভারত সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, বাংলাদেশি প্রমাণ করে হস্তান্তর করে দেবে। আমাদের জেলে ৩ মাস, ৬ মাস, ২ বছর রেখে, আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার ওষুধ ওদেরকে দেব কেন? ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। আমাদের রাজ্য়েরই ক্ষতি হচ্ছে। সেইজন্য আইনটা এতদিন ছিল, ভোট ব্যাঙ্কের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি, আমরা ভোট ব্যাঙ্কের বাইরে গিয়ে, দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি।'

Advertisement

RTI উত্তরে আরও কী জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

RTI-এর উত্তরে আরও জানা গিয়েছে, ডিপোর্টেশন বা অবৈধ বিদেশি নাগরিকদের ফেরত পাঠানো সংক্রান্ত ক্ষমতা ইতিমধ্যেই রাজ্য সরকার ও অভিবাসন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স-I ডিভিশন জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর ধারা ৭(২), ১৩ এবং ২৯ অনুযায়ী অবৈধ বিদেশি নাগরিক বা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, তাদের গতিবিধিতে নিয়ন্ত্রণ আরোপ করা এবং ডিপোর্ট করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন এবং ব্যুরো অফ ইমিগ্রেশনকে অর্পণ করা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement