
হায়দরাবাদে হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। তার কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে তেলঙ্গানা আবগারি দফতরের স্পেশাল টাস্ক ফোর্স।
স্পেশাল ফোর্স সূত্রে খবর, ধৃতের নাম অনু এসকে। এই ব্যক্তি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা। তাকেই ধরা হয়েছে হায়দরাবাদ থেকে।
কীভাবে হেরোইন পাচার করত?
পুলিশের অভিযোগ, অনু পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণে হেরোইন সংগ্রহ করত। এরপর সিলভার ফয়েল ব্যবহার করে সেই মাদক ছোট ছোট প্যাকেটে ভাগ করে নিত। তারপর হায়দরাবাদে ক্রেতাদের কাছে বিক্রি করত। এভাবেই চলত তার ব্যবসা।
আর এই খবর আগেই পেয়েছিল পুলিশ। সেই মতো শুরু হয় তদন্ত। তারপর বাংলার এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তেলঙ্গানা আবগারি দফতরের স্পেশাল টাস্ক ফোর্স পরবর্তী তদন্তের জন্য গান্দিপেট পুলিশের হাতে তুলে দিয়েছে। সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত জানা গিয়েছে এই অভিযুক্ত ব্যক্তি প্রতি গ্রাম হেরোইন ১০ হাজার টাকা দরে বিক্রি করত।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনুর একটি ভিডিও। সেই ভিডিওতে অনুকে বলতে শোনা যায়, সে পশ্চিমবঙ্গ থেকে মাদক নিয়ে এসেছিল। প্রায় এক সপ্তাহ ধরে হায়দরাবাদে তা বিক্রি করছিল।
যদিও এখনও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তারা জানতে চাইছে হেরোইন কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত।