
১০ এবং ২০ টাকার নোট আমাদের সবসময় কাজে লাগে। আর বর্তমানে কাগজের এই নোটগুলির হাল খুব খারাপ। যার ফলে অনেক সময়ই এই নোট নিতে চান না অনেকে। যদিও এই সমস্যারই সহজ সমাধান করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কবে চালু প্লাস্টিকের নোট?
যতদূর খবর, ভারতে আগামী বছর থেকেই ১০ টাকা ও ২০ টাকার পলিমার বা প্লাস্টিকের নোট চালু হতে পারে। এই লক্ষ্যে পাইলট প্রোজেক্ট শুরু করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথম পর্যায়ে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছ থেকে আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) চাওয়া হয়েছে।
এএনআই এবং দৈনিক ভাস্করের খবর অনুযায়ী, আরবিআই প্রথমে ১০ ও ২০ টাকার নোট দিয়ে পাইলট প্রকল্প শুরু করতে পারে। প্রাথমিকভাবে এর ফলাফল দেখা হবে। তার উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে দেশজুড়ে এই নোট চালু হবে কি না। পরীক্ষা সফল হলে ২০২৭ সাল থেকে বিরাট আকারে পলিমার নোট চালু করা হতে পারে। এমনটাই জানিয়েছে দৈনিক ভাস্কর।
এই প্রকল্পের অংশ হিসেবে, আরবিআইয়ের নোট ছাপানোর সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড বিশ্বজুড়ে নির্মাতাদের কাছ থেকে এমন অপাসিফায়েড পলিমার সাবস্ট্রেট শিট সরবরাহের জন্য আগ্রহপত্র চেয়েছে। এই নোটে আধুনিক নিরাপত্তার বৈশিষ্ট্য থাকবে। এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে।
আগ্রহপত্রে মোট ৬৮,০০০ রিম বায়াক্সিয়ালি ওরিয়েন্টেড প্রলিপ্রোপিলিন-ভিত্তিক পলিমার সাবস্ট্রেটের চাহিদা জানানো হয়েছে। এর মধ্যে ৩৪,০০০ রিম করে দু'টি নোটের জন্য বরাদ্দ থাকবে। প্রতিটি রিমে থাকবে ৫০০টি শিট। এই সাবস্ট্রেটে ক্লিয়ার উইন্ডো উইথ পোট্রেট, মেটালিক নিউমেরাল, ম্যাগনেটিক সিউডো থ্রেড, শ্যাডো ইমেজ এবং ইরিডিসেন্ট প্যাটার্নের মতো উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য থাকতে হবে। পাশাপাশি এগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টি কর্পোরেশন অব ইন্ডিয়ার প্রেসে নোট ছাপার উপযোগী হতে হবে বলে এএনআই জানিয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, এই দরপত্রের মাধ্যমে আরবিআইয়ের প্ল্যান মাফিক প্লাস্টিকের নোট পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা হল। এই দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অগাস্ট।
মাথায় রাখতে হবে, ১৯৮৮ সালে প্রথম অস্ট্রেলিয়ায় পলিমার নোট চালু হয়। এরপর বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে চালু রয়েছে এই নোট। সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার নোট বেশি টেকসই। এটি জাল করা কঠিন। দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য। তাই এই নোটের দিকে ঝুঁকতে পারে সরকার।