Advertisement

Monsoon Rain Update: বর্ষা তো এল, কিন্তু বৃষ্টি কই? ঝেঁপে বর্ষণের পূর্বাভাসে যা জানাল হাওয়া অফিস

দেশে মৌসুমি বায়ু ঢুকে গিয়েছে। কিন্তু বৃষ্টি হচ্ছে কই? এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানাল ঠিক কবে থেকে নামবে বর্ষার ভারী বৃষ্টি। জেনে নিন আপডেট।

বর্ষার বৃষ্টি নিয়ে বিরাট আপডেটবর্ষার বৃষ্টি নিয়ে বিরাট আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 9:51 AM IST
  • দেশে মৌসুমি বায়ু ঢুকে গিয়েছে
  • কিন্তু বৃষ্টি হচ্ছে কই?
  • এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানাল ঠিক কবে থেকে নামবে বর্ষার ভারী বৃষ্টি

খাতায় কলমে বর্ষা। দেশের বিস্তীর্ণ অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এগিয়েও গিয়েছে। তারপরও সেভাবে বৃষ্টির দেখা নেই বললেই চলে। আর এই বিষয়টা নিয়ে আরও খারাপ খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, অন্তত আগামী এক সপ্তাহ দেশজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আবহাওয়া মডেলগুলি ইঙ্গিত দিচ্ছে যে ২৩ জুনের আগে মৌসুমি বৃষ্টির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। 

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু মধ্য ও পূর্ব ভারতের আরও কিছু অঞ্চলে প্রবেশ করেছে। তবে এই ওয়েদার সিস্টেম বা আবহাওয়া ব্যবস্থা এখনও অস্বাভাবিকভাবে দুর্বল। এমনকী ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে দেশের একটা বড় অংশে মৌসুমি বৃষ্টিপাত প্রায় হবে না বলেই মনে করা হচ্ছে। যার ফলে দেশের বহু অঞ্চলে বৃষ্টির ঘাটতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এই সময় মৌসুমি বৃষ্টিপাত কমবে। বেশিরভাগ বৃষ্টিপাত হবে স্থানীয়ভাবে। বিশেষ করে দক্ষিণ ভারতে এই ট্রেন্ড থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কর্নাটক-অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু সীমান্তবর্তী অঞ্চল এবং পূর্বঘাট এলাকায় ঘনঘন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়ার এই দুর্বল পরিস্থিতির মধ্যেও আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মহারাষ্ট্রের আরও কিছু অংশ, কর্নাটকের বাকি এলাকা, তেলঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তিশগড়ের কিছু অঞ্চলে মৌসুমি বায়ুর অগ্রগতি হতে পারে।

যদিও মাথায় রাখতে হবে, মৌসুমি বায়ুর অগ্রগতি আর মৌসুমি বৃষ্টিপাত সবসময় একই বিষয় নয়। মানচিত্রে মৌসুমি বায়ুর বিস্তার উত্তর দিকে এগোলেও, ব্যাপক বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় পরিস্থিতি বর্তমানে দুর্বল রয়েছে। তাই বৃষ্টির ঘাটতি থেকে যাচ্ছে।

কবে থেকে বৃষ্টি?
আবহাওয়া অফিস জানাচ্ছে, ২২ জুন থেকে ২৮ জুনের মধ্যে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। বিশেষত, অভ্যন্তরীণ অঞ্চল, আন্ধ্রপ্রদেশ-কর্নাটক সীমান্ত, দক্ষিণ তামিলনাড়ু এবং কেরলের পশ্চিমঘাট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উপকূলীয় কেরল ও কর্নাটক, পাশাপাশি মুম্বই পর্যন্ত বিস্তৃত পশ্চিমঘাট অঞ্চলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। যদিও বর্তমান পূর্বাভাসে অত্যন্ত ভারী বৃষ্টির ইঙ্গিত নেই।

Advertisement

মাসের শেষের দিকে পরিস্থিতির আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী, ২৯ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে উঠতে পারে।

মাথায় রাখতে হবে, বর্তমানে দেশের বড় অংশে বৃষ্টির ঘাটতি রয়েছে। স্যাটেলাইট ছবিতেও মৌসুমি মেঘকে খুব একটা দেখা যাচ্ছে না। এখন দেখার জুনের শেষ সপ্তাহে বর্ষার মতিগতি বদলায় কি না। 

 

Read more!
Advertisement
Advertisement