
নিট প্রশ্নপত্র ফাঁসে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আন্দোলন যন্তর মন্তরে। দেশজুড়ে সংবাদ শিরোনামে ককরোচ জনতা পার্টি (CJP)। অভিজিৎ দীপকে থেকে সৌরভ দাসরা হয়ে ওঠেন পরিচিত মুখ। তারপর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ। গ্রেফতার। আদালতে জামিন। সেই অভিজিৎ দীপকেরা এখন কোথায়? দীপাবলির পর নতুন করে আন্দোলনে নামবেন বলে জানিয়েছিলেন অভিজিৎ। দীপাবলি কেটে গেল। কেটে গেল জগদ্ধাত্রী পুজোও। অথচ দেখা নেই ককরোচদের। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমন পোস্ট। সত্যিই তো কোথায় গেল সিজেপি?
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, সংগঠন বাড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। ১০টি রাজ্য ও অঞ্চলে জোনাল ইনচার্জ নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য ও আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করেছে তারা। জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডের জন্য সমন্বয় কমিটি তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের সমন্বয় কমিটিতে রয়েছেন ১৬ জন সদস্য। মহারাষ্ট্রে ১৫ জন, ঝাড়খণ্ডে ১৪ জন, উত্তর-পূর্ব ভারতে ১৪ জন, বিহারে ১৩ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, হরিয়ানায় ৬ জন, রাজস্থানে ৫ জন, উত্তরাখণ্ডে ৬ জন এবং জম্মু ও কাশ্মীরে ৪ জন সদস্য।
'স্কুল ঠিক করো' অভিযান
ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে, এখন 'স্কুল ঠিক করো' অভিযান চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। তার অংশ হিসেবে হাপুর, মেরঠ, সাহারানপুর এবং পিলিভিট জেলার সরকারি স্কুলগুলিতে গিয়েছেন নেতারা। সেখানে পানীয় জল, শৌচাগার, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য সুবিধা, শিক্ষকের উপস্থিতি, সরকারি প্রকল্পের সুবিধা, মিড ডে মিল এবং নিরাপত্তা-সহ একাধিক বিষয় দেখছেন। হাপুরের সরকারি স্কুলগুলি পরিদর্শন করে সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাসের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। পশ্চিম উত্তরপ্রদেশের সদস্যেরা মেরঠ, সাহারানপুর এবং পিলিভিটের স্কুলগুলিতে যান।
১০টি বিষয়কে সামনে রেখে নির্দিষ্ট প্রশ্নমালার ভিত্তিতে এই সামাজিক অডিট করছে সিজেপি। এর মধ্যে রয়েছে স্কুলের পরিকাঠামো, শিক্ষকের সংখ্যা ও উপস্থিতি, সরকারি প্রকল্পের সুবিধা, মিড-ডে মিল, নিরাপত্তা এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ব্যবস্থা। সিজেপি জানিয়েছে, 'স্কুল ঠিক করো' অভিযান সরেজমিনে স্কুল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও যুক্ত করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে অডিটের রিপোর্ট। সরকারি শিক্ষাব্যবস্থার জন্য পরিকাঠামো ও সুযোগসুবিধা নিশ্চিত করতে সরকারকে দায়বদ্ধ করাই এই অভিযানের উদ্দেশ্য। শিক্ষক বা স্কুলকর্মীদের নিশানা করা নয়। ২০টি স্কুলের অডিটে উঠে আসা পরিকাঠামোগত খামতিগুলি দ্রুত মেরামতির জন্যই প্রশাসনের কাছে পদক্ষেপের দাবি জানিয়েছে তারা।
'ক্যা বোলতি পাবলিক'
আজতকের প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে 'ক্যা বোলতি পাবলিক' কর্মসূচি শুরু করেছে সিজেপি। গোয়ায় অভিযানের নাম দেওয়া হয়েছে 'চল্লা কিতেম গোয়া'। যার অর্থ, 'গোয়ায় কী চলছে?'। সিজেপির বক্তব্য, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু মানুষের সমস্যার কথা শোনা নয়, সেই সমস্যাগুলি সরকারের কাছে তুলে ধরা এবং সমাধানের পথ খুঁজে বের করাও। গোয়া থেকে শুরু হওয়া এই অভিযান আগামী দিনে জাতীয়স্তরে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া সামনে আনার চেষ্টা করবে।