
লোকসভার সাংসদদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কী কী, তা নিয়ে আগ্রহ থাকে। এবার ইন্ডিয়া টুডে-র হাতে আসে একটি বিশেষ RTI মামলার জানা গেল, বর্তমানে লোকসভায় মাত্র ২ জন সাংসদ স্বেচ্ছায় তাঁদের বেতন গ্রহণ করেন না। তাঁদের মধ্যে একজন BJP এবং অপর জন কংগ্রেস সাংসদ।
একদিকে কুরুক্ষেত্রে, অন্যদিকে ইম্ফল। দুই সাংসদ এমন দু'টি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন, যেগুলির মধ্যে দূরত্ব প্রায় ২ হাজার ৫৭৫ কিলোমিটার। তবে তাঁদের মধ্যে একজন আরও একধাপ এগিয়ে সরকারি বেতনই নয়, সাংসদ হিসেবে পাওয়া কোনও ভাতা বা সরকারি সুযোগ সুবিধাও গ্রহণ করেন না।
লোকসভা সচিবালয়ের RTI উত্তর থেকে জানা গিয়েছে, এই দুই সাংসদ হলেন হরিয়ানার কুরুক্ষেত্রের নবীন জিন্দাল এবং মণিপুরের ইনার মণিপুর কেন্দ্রের বিমল আকোইজাম। তাঁদের নির্বাচনী হলফনামা অনুযায়ী, আর্থিক অবস্থার ক্ষেত্রেও বড় পার্থক্য রয়েছে তাঁদের।
নবীন জিন্দালের হলফনামা অনুযায়ী, সম্পত্তির পরিমাণ ১ হাজার ২৪১ কোটি। বিমল আকোইজামের ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ৯৭ লক্ষ।
তবে এই দু'জনের মধ্যে নবীন জিন্দাল একটি বিশেষ কারণে আলাদা করে নজর কেড়েছেন। RTI অনুযায়ী, তিনি সাংসদ হিসেবে কোনও বেতন, ভাতা বা সরকারি সুযোগ সুবিধা কিছুই নেন না।
বর্তমানে লোকসভায় ধনীতম সাংসদ অবশ্য তিনি নন। সেই তকমা পেয়েছেন TDP-র গুণ্টুরের সাংসদ চন্দ্রশেখর পেম্মাসানি। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৫ হাজার ৭০৫ কোটি টাকা। তাঁর পরেই রয়েছেন চেভালার BJP সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৫৬৮ কোটি টাকা।
RTI-এর উত্তরে সংসদের সামগ্রিক চিত্র সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে লোকসভার ৪৮১ জন সাংসদ নিয়মিত বেতন নিচ্ছেন। লোকসভায় মোট আসন ৫৪৩টি। যার মধ্যে বর্তমানে ২টি আসন খালি।