Advertisement

Election Commission Voter List এ সার্চ করলেই বেরিয়ে আসবে নাম, করে দেখালেন সার্থক সিদ্ধান্ত

মাত্র ১৮ বছর বয়সেই একের পর এক নজির গড়ে শিরোনামে উঠে এসেছেন সার্থক সিদ্ধান্ত। প্রথমে সিবিএসই-র একাধিক অনিয়ম সামনে এনেছিলেন। এবার উত্তরপ্রদেশের ভোটার তালিকাকে সার্চযোগ্য করে তুলেছেন এই এথিক্যাল হ্যাকার। অনলাইনে ভোটার তালিকায় নাম খুঁজতে গিয়ে সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। সেই সমস্যারই সমাধান করেছেন সার্থক। শুধু সেটাই নয়, ইতিমধ্যেই টাইম ম্যাগাজিনেও জায়গা করে নিয়েছেন।

সার্থক সিদ্ধান্তসার্থক সিদ্ধান্ত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 11:04 PM IST
  • মাত্র ১৮ বছর বয়সেই একের পর এক নজির।
  • চিনে নিন সার্থক সিদ্ধান্তকে।

সরকারি ওয়েবসাইটে তথ্য রয়েছে, অথচ সহজে খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। তা হলে সেই তথ্যের কী লাভ? উত্তরপ্রদেশের ভোটার তালিকার ক্ষেত্রেও ঘটছিল ঠিক এমনটাই। নির্বাচন কমিশন লক্ষ লক্ষ পিডিএফ ফাইলের মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করেছিল। কিন্তু তার বেশির ভাগই ছিল স্ক্যান করা ডকুমেন্ট। ফলে কোনও নির্দিষ্ট ভোটারের নাম খুঁজতে হলে বা পুরনো ও নতুন ভোটার তালিকার মধ্যে কী কী পরিবর্তন হয়েছে, তা জানতে হলে একের পর এক পিডিএফ ডাউনলোড করে পাতার পর পাতা খুঁজতে হচ্ছিল। সেই সমস্যার সমাধান করার দাবি করল রাঁচির ১৮ বছর বয়সি এথিক্যাল হ্যাকার সার্থক সিদ্ধান্তের দল। কে এই সার্থক সিদ্ধান্ত? 

চলতি বছরেই TIME 100 Next India 2026-এর তালিকায় জায়গা পেয়েছেন সার্থক। এর আগে সিবিএসই-র বিভিন্ন অনিয়মও সামনে এনেছিলেন। এবার উত্তরপ্রদেশের ৬.৮ লক্ষ ভোটার তালিকার পিডিএফকে সার্চযোগ্য ডিজিটাল ডেটাবেসে পরিণত করেছেন। এই প্রকল্পে রয়েছে ৫৪.৮ কোটি ডেটা রেকর্ড। রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্র অনুযায়ী সেগুলিকে সাজানো হয়েছে। গত ২৪ নভেম্বর এক্সে এ কথা জানান সার্থক। তাঁর দাবি, নির্বাচন কমিশনের প্রকাশিত উত্তরপ্রদেশের সমস্ত ভোটার তালিকার পিডিএফে OCR প্রযুক্তি ব্যবহার করেছে তাঁদের দল। এর মধ্যে রয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকা, এসআইআরের খসড়া ও চূড়ান্ত তালিকা এবং ২০২৭ সালের খসড়া ভোটার তালিকা।

কীভাবে নির্বাচন কমিশনের পিডিএফ সার্চযোগ্য?

অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সহজ কথায়, স্ক্যান করা পিডিএফ অনেকটা কাগজের ছবির মতো। কম্পিউটার সাধারণ টেক্সটের মতো সেই ছবি পড়তে পারে না। OCR প্রযুক্তি ছবির মধ্যে থাকা নাম, নম্বর এবং অক্ষর শনাক্ত করে সেগুলিকে ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করে। এরপর সেই তথ্য টেবিলের আকারে সাজানো যায়। ফলে কোনও নির্দিষ্ট নাম বা তথ্য খুঁজে বের করা এবং বিভিন্ন সময়ের ভোটার তালিকার মধ্যে তুলনা করা অনেক সহজ হয়ে যায়। সার্থকের দাবি, তাঁদের দল ৬.৮ লক্ষ পিডিএফ ফাইল থেকে ৫৪.৮ কোটি ডেটা তৈরি করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা টেবিল। তবে এই ৫৪.৮ কোটি রেকর্ডকে পৃথক ভোটারের সংখ্যা বলে মনে করা ঠিক হবে না। কারণ এর মধ্যে বিভিন্ন নির্বাচন এবং এসআইআরের বিভিন্ন পর্যায়ের ভোটার তালিকার তথ্যও রয়েছে।

Advertisement

কে এই সার্থক সিদ্ধান্ত? 

এর আগে সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং (OSM) ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আলোচনায় এসেছিলেন সার্থক। দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশের পর নিজের প্রাপ্ত নম্বর নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল তাঁর। এরপর নিজেই অনুসন্ধান শুরু করেন। সিবিএসই-র ডিজিটাল উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখতে শুরু করেন। মে ও জুন মাসে সিবিএসই-র টেন্ডার সংক্রান্ত নথির বিভিন্ন সংস্করণের মধ্যে তুলনা করেন। সেখানে সংশ্লিষ্ট সংস্থা নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা এবং প্রযুক্তিগত শর্তে কী কী পরিবর্তন করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন সার্থক।

গত ২ জুন নিজের অনুসন্ধানের ফল ৭ পাতার একটি রিপোর্ট আকারে শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সামনে তুলে ধরেন তিনি। ওই কমিটির চেয়ারম্যান ছিলেন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংহ। এরপর ২৬ জুন কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পাবলিক প্রকিওরমেন্ট পোর্টালের সঙ্গে সম্পর্কিত প্রায় ১.৬৬ কোটি সরকারি কেনাকাটার রেকর্ড নিয়ে একটি ডেটাবেসও প্রকাশ্যে আনেন।

গত ২০ নভেম্বর TIME 100 Next India 2026-এর তালিকায় তাঁর নাম জায়গা করে নেয়। এবার ভোটার তালিকা সংক্রান্ত এই কাজ তাঁর মুকুটে আরও একটি পালক যোগ করল।

ভোটারের নাম খোঁজা হল সহজ

নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকার গুরুত্ব অপরিসীম। এসআইআর চলাকালীন তালিকায় নতুন নাম যুক্ত হয়, কিছু নাম বাদ যায় এবং একাধিক তথ্যের পরিবর্তনও করা হয়। তাই বিভিন্ন সময়ের ভোটার তালিকার মধ্যে তুলনা করা অত্যন্ত জরুরি। সার্থকের দলের তৈরি ডেটাবেস সেই কাজই সহজ করে তুলেছে। ডাউনলোড করা যায় এমন ফাইলগুলিতে ভোটারদের নাম, আত্মীয়ের নাম, ভোটার পরিচয়পত্রের নম্বর এবং বাড়ির নম্বরের মতো ব্যক্তিগত তথ্য সরাসরি দেখানোর পরিবর্তে কোডেড টোকেন ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। তবে তারা স্পষ্ট জানিয়েছে, কোনও রেকর্ডের চূড়ান্ত সত্যতা যাচাই করতে হলে নির্বাচন কমিশনের মূল পিডিএফের উপরেই নির্ভর করতে হবে।

কমিশনের ব্যবস্থায় প্রশ্ন

সার্থকের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলে ধরেছে। সরকারি নথি যখন সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রকাশ করা হয়, তখন শুরু থেকেই সেগুলিকে সহজে সার্চযোগ্য ফরম্যাটে দেওয়া হয় না কেন? কারণ সরকারি তথ্য প্রকাশ করাই যথেষ্ট নয়। সাধারণ মানুষ যাতে সহজে সেই তথ্যে পৌঁছতে পারেন, তা নিশ্চিত করাও সমান জরুরি।

Read more!
Advertisement
Advertisement