
সাহিত্য আজতক ২০২৬-এর মঞ্চে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিশেষ অধিবেশন 'মোদি অউর শিবরাজ: ৩৫ সাল কা আপনাপন'-এ নিজের বই নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি শোনান একটি মজার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার সূত্র ধরেই মধ্যপ্রদেশে লাডলি লক্ষ্মী যোজনা চালুর ভাবনা এসেছিল তাঁর মাথায়। মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলাদের ক্ষমতায়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছিলেন শিবরাজ। তার মধ্যে অন্যতম ছিল লাডলি লক্ষ্মী যোজনা।
শিবরাজ জানান, মেয়েদের বোঝা মনে করার সামাজিক মানসিকতা বদলাতেই এই প্রকল্প চালু করেছিলেন তিনি। অনেক পরিবারেই তখন এমন ধারণা ছিল, বাড়িতে ছেলে জন্মাক, মেয়ে নয়। মেয়ের জন্মের পর থেকে তার বিয়ে ও পণের খরচ নিয়ে চিন্তা করতেন অভিভাবকরা। এই মানসিকতা বদলানোই ছিল তাঁর লক্ষ্য।
বৃদ্ধার প্রশ্নে বদলে গেল ভাবনা
সাহিত্য আজতকের মঞ্চে একটি পুরনো ঘটনার কথা শোনান শিবরাজ। তিনি বলেন, একবার একটি গণবিবাহের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেখানে অনেক মহিলা উপস্থিত ছিলেন। তিনি বলছিলেন, মেয়েদের জন্মাতে দিন। কারণ, মেয়ে থাকলেই ভবিষ্যৎ রয়েছে।
সেই সময় এক বৃদ্ধা উঠে দাঁড়িয়ে তাঁকে প্রশ্ন করেন। শিবরাজের কথায়, ওই মহিলা বলেছিলেন, 'বড় বড় কথা বলছ, মেয়ে জন্মাতে দাও। কিন্তু মেয়ে জন্মানোর পর বড় হলে তার বিয়ে এবং পণের ব্যবস্থা কে করবে? তুমি করবে?'
এই প্রশ্ন তাঁকে ভাবিয়ে তুলেছিল বলে জানান শিবরাজ। তাঁর উপলব্ধি হয়েছিল, যত দিন মেয়েদের বোঝা মনে করা হবে, তত দিন সমাজ তাদের জন্মকেই স্বাগত জানাবে না। এরপর নিজের উদ্যোগে মেয়েদের বিয়ের ব্যবস্থা করার কাজও শুরু করেন তিনি।
'মধ্যপ্রদেশে মেয়ে জন্মাবে লাখপতি হয়ে'
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে প্রকল্পটি তৈরি করেছিলেন, সেটি ছিল লাডলি লক্ষ্মী যোজনা। শিবরাজ জানান, তাঁর লক্ষ্য ছিল, মধ্যপ্রদেশের মাটিতে কোনও মেয়ে জন্মালে সে যেন লাখপতি হয়ে জন্মায়।
এই প্রকল্পে মেয়েদের জন্ম থেকে পড়াশোনা এবং বড় হওয়া পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। স্কুলের পড়াশোনা থেকে কলেজ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি প্রাপ্তবয়স্ক হলে এক লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়। শিবরাজের আরও দাবি, বর্তমানে মধ্যপ্রদেশে ৫৮ লক্ষেরও বেশি লাডলি লক্ষ্মী রয়েছে।
মহিলাদের ক্ষমতায়নে একাধিক প্রকল্প
লাডলি লক্ষ্মী যোজনার পরেও মহিলাদের ক্ষমতায়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছিলেন বলে জানান শিবরাজ। মেয়েদের বিয়ের খরচের বোঝা কমাতে শুরু হয় কন্যা বিবাহ যোজনা। স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচনে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থাও করা হয়।
এ ছাড়া শ্রমজীবী মহিলাদের সন্তান জন্মের আগে ও পরে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। শিবরাজ জানান, লাডলি বহনা যোজনা অনেক পরে চালু হলেও তার আগে থেকেই মহিলাদের ক্ষমতায়নে একাধিক প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল।
নিজের বক্তব্যের শেষে শিবরাজ বলেন, 'আমরা যা বলি, তা করে দেখাই।'