Advertisement

ISRO Effect India: ভারতের মতো দেশে রকেট-মহাকাশযান বানানো কি যুক্তিযত? সহজে বুঝুন

মহাকাশ গবেষণায় খরচ করা টাকা থেকে সাধারণ মানুষও নানা ভাবে উপকৃত হন। জড়িয়ে দেশের নিরাপত্তা, আবহাওয়ার খবর, কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা। অনেকে মনে করেন, মহাকাশে যাওয়ার বদলে সেই টাকা গরিব মানুষের জন্য খরচ করা উচিত। সেটি সঠিক নয়।

 হাজার হাজার কোটি টাকা খরচ করা কি সত্যিই জরুরি? হাজার হাজার কোটি টাকা খরচ করা কি সত্যিই জরুরি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 3:44 PM IST
  • ভারতের মতো দেশে এখনও বহু মানুষের মাথার উপর পাকা ছাদ নেই।
  • হাজার হাজার কোটি টাকা খরচ করা কি সত্যিই জরুরি?
  • মহাকাশ গবেষণায় খরচ করা টাকা থেকে সাধারণ মানুষও নানা ভাবে উপকৃত হন।

ভারতের মতো দেশে এখনও বহু মানুষের মাথার উপর পাকা ছাদ নেই। অনেকের ঘরে ঠিকমতো বিদ্যুৎ পৌঁছয়নি। বহু মানুষ কাজের খোঁজে ঘুরছেন। এমন দেশে রকেট বানাতে হাজার হাজার কোটি টাকা খরচ করা কি সত্যিই জরুরি? এই প্রশ্ন অনেকের মনেই আসে। অনেকে মনে করেন, মহাকাশে যাওয়ার বদলে সেই টাকা গরিব মানুষের জন্য খরচ করা উচিত।

কিন্তু বিষয়টি এত সহজ নয়। মহাকাশ গবেষণা শুধু চাঁদে যাওয়া বা রকেট ওড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে দেশের নিরাপত্তা, আবহাওয়ার খবর, কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা। মহাকাশ গবেষণায় খরচ করা টাকা থেকে সাধারণ মানুষও নানা ভাবে উপকৃত হন।

১. কৃষক থেকে সাধারণ মানুষ, মহাকাশ প্রযুক্তি সবার কাজে লাগে
ধরুন, কোনও এলাকায় ঘূর্ণিঝড় আসতে চলেছে। আগে থেকে সেই খবর জানা গেলে মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। উপগ্রহের সাহায্যে আবহাওয়ার ছবি ও তথ্য পাওয়া যায়। ফলে ঝড়, বন্যা এবং অতিবৃষ্টির পূর্বাভাস দিতে সুবিধা হয়।

কৃষিকাজেও উপগ্রহের ব্যবহার রয়েছে। কোন এলাকায় বৃষ্টি কম হচ্ছে, কোথায় মাটিতে জলের অভাব, কোথায় ফসলের ক্ষতি হয়েছে, তা বোঝা যায়। জমির ছবি দেখে চাষের পরিকল্পনা করাও সহজ হয়।

এছাড়া টেলিভিশন, মোবাইল যোগাযোগ, ইন্টারনেট এবং দূরবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থাতেও উপগ্রহের বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ মহাকাশ গবেষণার সুবিধা শুধু মহাকাশচারীরা পান না। সাধারণ মানুষও পান।

২. রকেট বানিয়ে মোটা টাকা আয় করে ভারত 
অনেকের ধারণা, রকেট বানানো মানেই শুধু খরচ। কিন্তু এখান থেকেও আয় হয়। ভারত অন্য দেশের উপগ্রহ মহাকাশে পাঠায়। এর জন্য সেই দেশগুলির কাছ থেকে টাকা নেয়।

২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত ৩৪টি দেশের ৩৯৩টি বিদেশি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। এর থেকে ভারতের আয় হয়েছে প্রায় ১৪৩ মিলিয়ন ডলার এবং ২৭২ মিলিয়ন ইউরো। অর্থাৎ মহাকাশ গবেষণা এখন ভারতের কাছে আয়ের একটি নতুন পথও।

Advertisement

এই ব্যবসা আরও বাড়তে পারে। ২০২৩ সালে ভারতের মহাকাশ ব্যবসার বাজার ছিল প্রায় ৮.৪ বিলিয়ন ডলার। ২০৩৩ সালের মধ্যে তা ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে অনুমান করা হয়েছে।

এই কাজে শুধু ইসরো নয়, বেসরকারি সংস্থাও এগিয়ে আসছে। রকেটের যন্ত্রাংশ, উপগ্রহ, ক্যামেরা এবং নানা প্রযুক্তি তৈরি করছে ভারতীয় সংস্থাগুলি। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপের সংখ্যা ছিল ৩৯৯। এর ফলে নতুন ব্যবসা এবং কাজের সুযোগ তৈরি হচ্ছে।

৩. দেশের নিরাপত্তার জন্যও মহাকাশ গবেষণা জরুরি
আজকের দিনে যুদ্ধ শুধু মাটিতে হয় না। আকাশ এবং মহাকাশ থেকেও নজরদারি চালানো হয়। উপগ্রহের সাহায্যে সীমান্তের উপর নজর রাখা যায়। শত্রুপক্ষের গতিবিধি বোঝা যায়। সেনাবাহিনীকে সঠিক তথ্য পাঠানো যায়।

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা 'নাভিক' (NavIC) রয়েছে। এর সাহায্যে জাহাজ, বিমান এবং গাড়ির অবস্থান জানা যায়। দেশের নিজস্ব ব্যবস্থা থাকলে সব সময় অন্য দেশের প্রযুক্তির উপর নির্ভর করতে হয় না।

ধরুন, কোনও কারণে অন্য দেশ তাদের উপগ্রহের পরিষেবা বন্ধ করে দিল। তখন ভারতের নিজের ব্যবস্থা থাকলে অনেক সুবিধা হবে। তাই মহাকাশ গবেষণা দেশের স্বাধীনতা এবং নিরাপত্তার সঙ্গেও জড়িত।

৪. বিশ্ব স্তরে ভারতের সম্মান বাড়ে
মহাকাশে সফল অভিযান চালানো খুব সহজ কাজ নয়। এর জন্য উন্নত বিজ্ঞান, প্রযুক্তি এবং দক্ষ বিজ্ঞানী প্রয়োজন।

২০২৩ সালে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণ করে। ভারতই প্রথম দেশ, যারা চাঁদের ওই অঞ্চলে সফল ভাবে মহাকাশযান নামায়। এই সাফল্যের ফলে গোটা বিশ্বে ভারতের সম্মান বেড়েছে।

একে বলা হয় 'সফট পাওয়ার'। অর্থাৎ শুধু সেনাবাহিনী বা টাকার জোরে নয়, বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্য দিয়েও অন্য দেশের কাছে নিজের গুরুত্ব বাড়ানো যায়।

ভারত যখন অন্য দেশের উপগ্রহ মহাকাশে পাঠায়, তখন সেই দেশগুলির সঙ্গে সম্পর্কও ভালো হয়। বিভিন্ন দেশ ভারতের সঙ্গে মহাকাশ গবেষণায় হাত মেলায়। এতে আন্তর্জাতিক স্তরে ভারতের গুরুত্ব বাড়ে।

মহাকাশ গবেষণা বিলাসিতা নয়। এটি দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তবে সেই খরচের হিসাবও রাখতে হবে। কোন প্রকল্পে কত টাকা লাগছে এবং সাধারণ মানুষ কতটা লাভবান হচ্ছেন, তা দেখা জরুরি।  

Read more!
Advertisement
Advertisement