
ফের দিল্লি! আবার গণধর্ষণ! এবার সহকর্মীদের হাতে গণধর্ষণের শিকার এক ২২ বছরের তরুণী। দিল্লির প্রিত বিহার এলাকায় একটি ক্যাফেতে গভীর রাতে পার্টির পর ২ সহকর্মী মহিলাকে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনায় তদন্তে নেমে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন আবার মহিলা। অপর ৩ অভিযুক্ত পলাতক।
পুলিশের দাবি, অভিযুক্তরা এবং নির্যাতিতা একইসঙ্গে দিল্লির কারকারডুমার ক্রস রিভার মলে ক্যাফে-৮'এ চাকরি করেন। সোমবার রাতে নির্যাতিতা-সহ মোট ৮ জন পার্টির উদ্দেশে প্রীত বিহারের সালতানাত ক্যাফেতে জড়ো হন। সাধারণত, ওই ক্যাফেটি রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায়, কিন্তু কর্মচারীদের কাছে চাবি থাকায় গভীর রাতেও ক্যাফের মধ্যে পার্টি করছিল ওই ৮জন।
পুলিশ সূত্রে খবর, সারা রাত ধরে চলে আকণ্ঠ মদ্যপান। অবশেষে ভোর সাড়ে ৩টে নাগাদ ক্যাফেতে পার্টি শেষ করে অভিযুক্তরা। এর কিছুক্ষণ পরেই ২২ বছরের তরুণী দাবি করেন, দুজন পুরুষ তাকে গণধর্ষণ করেছে। পাশাপাশি, অন্য সহকর্মীরাও এঘটনায় ইন্ধন জুগিয়েছে।
মহিলার অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। ৪ জন পুরুষ ও ২ মহিলা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে দায়ের হয় FIR। এদের মধ্যে ২ মহিলা-সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, বর্তমানে নির্যাতিতার বয়ান থানায় রেকর্ড করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের সামনেও তার জবানবন্দি রেকর্ড করা হবে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার পরেই অভিযোগকারীণী মহিলা পুলিশের কাছে যাননি। CCTV ফুটেজে দেখা গিয়েছে, নির্যাতিতা ক্যাফে থেকে বেরিয়ে এক পুরুষ বন্ধু ও আরও দুজন মহিলার সঙ্গে একটি গাড়িতে করে চলে যাচ্ছেন। এরপর মঙ্গলবার ভোর ৫টা ৪৫ নাগাদ তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।