
রাম মন্দিরে অনুদানে আর্থিক তছরুপের মামলা নিয়ে অখিলেশের সমাজবাদী পার্টিকে কড়া নিশানা করলেন যোগী আদিত্যনাথ। বুধবার পঞ্চায়েত আজ তক -এ সপাকে ধর্মের বিষয়ে নিজেদের আগের কর্মকাণ্ডের কথা স্মরণ করালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অখিলেশের দলকে ভণ্ডামির দায়ে অভিযুক্ত করেছেন তিনি।
যোগী আদিত্যনাথ বলেন, "যারা একসময় রাম ভক্তদের উপর গুলি চালিয়েছিল, তাঁরাই আজ আস্থার কথা বলছে।" স্পষ্টতই যোগী এক্ষেত্রে ১৯৯০ সালে অযোধ্যা আন্দোলনের সময় করসেবকদের উপর গুলি চালানোর ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন। বস্তুত, ওই বছর বিতর্কিত বাবরি মসজিদের দিকে মিছিল করে যাওয়ার পর তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং পুলিশি পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। সরকারি নথি অনুযায়ী, গুলি চালানোর ঘটনায় এবং হিংসার জেরে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৭ জনের। সেই ঘটনাই এদিন অখিলেশদের মনে করালেন আদিত্যনাথ।
রাম মন্দিরে অনুদান তছরুপ বিতর্কের জেরে ভক্তদের অনুভূতিতে যে আঘাত লেগেছে, সেকথা অবশ্য স্বীকার করে নিয়েছেন যোগী আদিত্যনাথ। তবে তিনি জানান, সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। একটি স্পেশাল তদন্তকারী দল গঠন করা হয়েছে। পাশাপাশি, ৬ জন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। নৈতিক কারণেই অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান যোগী।
বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, "এরা আজ মন্দিরের অনুদান চুরির ঘটনাকে প্রধান বিষয় বানাচ্ছে। কিন্তু তাঁরা ক্ষমতায় থাকাকালীন ঘটে যাওয়া কেলেঙ্কারি ও অপকর্ম নিয়ে কোনও কথা বলে না।"
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিরোধী নেতাদের বিরুদ্ধে রাম মন্দির নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা এবং ধর্মীয় স্থান ঘিরে বিতর্ক সৃষ্টির অভিযোগও করেন। অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের সিঁড়িতে নামাজ পড়ার ঘটনা নিয়েও সপা এবং কংগ্রেসকে নিশানা করেছেন যোগী আদিত্যনাথ। নিজের সরকারের আমল প্রসঙ্গে তিনি বলেন, "গত ৯ বছরে উত্তরপ্রদেশের ভাবমূর্তি বদলে গিয়েছে। আমি বিশ্বাস করি উত্তরপ্রদেশ নিজেদের পরিচয় নিয়ে সঙ্কট কাটিয়ে উঠেছে।"