
এক মাস পেরিয়ে গিয়েছে ইরান যুদ্ধ। প্রায় কার্যত বন্ধ হরমুজ প্রণালী। আর এমন পরিস্থিতিতে সারা দেশে LPG সঙ্কট তৈরি হয়েছে। সময়ে মিলছে না গ্যাস বলে অভিযোগ। যদিও এই পরিস্থিতি সামাল দিতে একাধিক নিয়ম করেছে কেন্দ্রীয় সরকার। আর আবারও এমনই একটি নির্দেশ সামনে এসেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে আর গোডাউন থেকে সরাসরি এলপিজি সিলিন্ডার কেনা যাবে না। গোডাইন থেকে সিলিন্ডার বিক্রি করলেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই মর্মে একটা নির্দেশিকা দিয়েছে দিল্লির অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। তাদের দাবি, এবার থেকে স্টোরেজ পয়েন্ট থেকে কোনও ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রি করা যাবে না। এমনটা করলে কড়া অ্যাকশন নেওয়া হবে। বরং বুকিং ডেলিভারির নিয়ম মেনেই কিনতে পারেন।
বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভারতে এলপিজি সঙ্কট কাটাতে চাইছে সরকার। সেই মতো একাধিক নিয়ম করা হয়েছে। পাশাপাশি দেশেও বাড়ানো হয়েছে এলপিজি উৎপাদন। কিন্তু তারপরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গ্যাস বুকিং করার পরও মিলছে না। তাই অনেকেই গোডাউনে গিয়ে এলপিজি কিনছেন। অনেক সময় ৫০০, ১০০০ টাকা বেশি দিয়েও চলছে সিলিন্ডার কেনা। আর এই কালোবাজারিই রোখার চেষ্টা চলছে। সেই মতো স্টোরেজ পয়েন্ট থেকে সিলিন্ডার বিক্রি বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তাহলে কীভাবে মিলবে সিলিন্ডার?
এরও একটা সহজ পথ দেখান হয়েছে। এক্ষেত্রে স্টোরেজ পয়েন্ট নয়, বরং বুকিং সিস্টেমের মাধ্যমে গ্যাসের ডেলিভারি নিতে বলা হয়।
অর্থাৎ বার্তা স্পষ্ট, গোডাউনে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করা যাবে না। নির্দিষ্ট নিয়ম মেনে এলপিজি বুক করতে হবে। তারপর বাড়িতেই মিলবে ডেলিভারি।
৫ কেজির সিলিন্ডার বৃদ্ধি
রান্নার গ্যাসের যে সমস্যা বাড়ছে, সেটা কেন্দ্রীয় সরকার জানে। তাই সরকার চাইছে ছোট ৫ কেজি গ্যাসের সরবরাহ বাড়ানো। আর এই গ্যাস পেতে কোনও ঠিকানার প্রমাণ লাগবে না। এর ফলে যাঁরা ভাড়া থাকেন, তাঁরা লাভ পাবেন। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সুবিধা হবে।
বাংলায় এখনও হয়নি
যদিও এই নোটিফিকনেশন দিল্লির। বাংলার নয়। তাই এখনই প্যানিক করবেন না। বরং তৈরি থাকুন।