কর্নাটকের কোপ্পালে বাড়ির চত্বরে হনুমানের হামলার মৃত্যু হল ৯১ বছরের এক বৃদ্ধার। মৃতার নাম নাজামুন্নিসা বেগম। তিনি বিশিষ্ট লেখক এম এস সাভাদাত্তির স্ত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে কোপ্পালের বি টি পাটিল নগর এলাকায়। জানা গিয়েছে, বাড়ির চত্বরে হাঁটছিলেন নাজামুন্নিসা। সেই সময় আচমকাই একটি বাঁদর তাঁর উপর হামলা চালায়। হামলার ধাক্কায় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান বৃদ্ধা। বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। সেই ফুটেজে দেখা যায়, বাঁদরটি আচমকা বৃদ্ধার দিকে এগিয়ে গিয়ে হামলা চালাচ্ছে। হামলার পর মাটিতে পড়ে যান তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে। হামলার পর নাজামুন্নিসাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে একদিন পর তাঁর মৃত্যু হয়।