রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে আম্বেদকর জয়ন্তীর সকালে সংসদ ভবনের 'প্রেরণা স্থল'-এ ধরা পড়ল এক বিরল সৌজন্যের ছবি। মঙ্গলবার সংবিধান প্রণেতা ভারতরত্ন বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশের দুই যুযুধান রাজনৈতিক শিবিরের শীর্ষ নেতাদের মধ্যে সেখানে এক হালকা মুহূর্তের কথোপকথন এবং হাসি বিনিময় হতে দেখা যায়, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন সংসদ চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী মোদী। উপস্থিত ছিলেন লোকসভার স্পিকারসহ অন্যান্য বিশিষ্ট সাংসদ ও নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী যখন মল্লিকার্জুন খাড়গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তখন দুই নেতার মুখেই হাসির রেখা দেখা যায়। দীর্ঘক্ষণ তাঁদের খোশগল্প করতেও দেখা গিয়েছে। গণতন্ত্রের উৎসবে আম্বেদকরের অবদান স্মরণ করার পাশাপাশি এই সৌজন্যের চিত্রটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।