কৃষকদের আয় বৃদ্ধি, কৃষি উৎপাদনের মান উন্নত করা এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের লক্ষ্যে নয়াদিল্লিতে শুরু হল ‘ভারত কৃষি সম্মেলন ২০২৬’। কৃষক ও কৃষি ক্ষেত্রের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য কিষাণ তক-এর উদ্যোগে ভারত মণ্ডপমে আয়োজিত হয়েছে দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। এবারের সম্মেলনের মূল ভাবনা ‘স্মার্ট কৃষক, উন্নত ভারত’। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। উদ্বোধনী বক্তব্যে তিনি কৃষির উন্নয়ন, কৃষকদের আয় বৃদ্ধি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেন। কেন্দ্রীয় মন্ত্রী জানান, তাঁর স্বপ্ন, আগামী দিনে বিশ্বের এমন কোনও খাবারের টেবিল থাকবে না, যেখানে অন্তত একটি ভারতীয় খাবার থাকবে না। ভারতকে বিশ্বের অন্যতম বড় খাদ্য সরবরাহকারী হিসেবে গড়ে তুলতে হলে এই শিল্পের পরিকাঠামো আরও উন্নত করতে হবে।