ককরোচ জনতা পার্টিকে (CJP) নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। তাঁর দাবি, এই সংগঠনের পিছনে কোনও ব্যবসায়ীর হাত থাকতে পারে। অযোধ্যার সাকেত কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ব্রিজভূষণ বলেন, “আমার মনে হয়, এই অকারোচ-ককরোচের পিছনেও কোনও ব্যবসায়ীর হাত রয়েছে। বাইরে বসে থাকা কোনও ব্যবসায়ী এই সংগঠনকে পরিচালনা করছেন।” তবে তাঁর এই দাবির সমর্থনে কোনও নির্দিষ্ট প্রমাণের উল্লেখ করেননি প্রাক্তন সাংসদ। একই অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। ব্রিজভূষণের বক্তব্য, এই প্রথম সুপ্রিম কোর্টের নাম করে মিছিল করার ঘটনা ঘটেছে। কংগ্রেসের আদর্শ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলেও জানান তিনি। তাঁর কথায়, তাঁর ঠাকুরদাও কংগ্রেসের বিধায়ক ছিলেন। তবে বর্তমানে সুপ্রিম কোর্টের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। দেশ গঠনে সাধারণ মানুষের ভূমিকার উপরেও জোর দেন ব্রিজভূষণ। রামায়ণে সেতু নির্মাণের কাজে একটি ছোট কাঠবিড়ালির অবদানের উদাহরণ টেনে তিনি বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকেরই নিজের দায়িত্ব ও ভূমিকা খুঁজে নেওয়া উচিত।