BRICS পরিবারকে স্বাগত জানিয়ে ভারতের সভাপতিত্বের মূল লক্ষ্য ও অগ্রাধিকারের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ভারতের সভাপতিত্বের মূল ভিত্তি চারটি, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব। এই চার স্তম্ভকে সামনে রেখে ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার বার্তা দেন তিনি। মোদী বলেন, স্বাস্থ্য নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের উন্নয়ন, ডিজিটাল কৃষি, পরিচ্ছন্ন জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হবে। এর মাধ্যমে সদস্য দেশগুলির উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে। ব্রিকসের সহযোগিতাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তা, কৃষক, গবেষক, মহিলা ও যুবসমাজকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, ব্রিকসের মাধ্যমে তৈরি বিভিন্ন প্রযুক্তি ও সমাধান যাতে গ্লোবাল সাউথের দেশগুলির কাছে সহজে পৌঁছয় এবং তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়, তা নিশ্চিত করতে হবে। মোদী বলেন, ব্রিকসের সবচেয়ে বড় শক্তি তার বৈচিত্র্য ও পারস্পরিক সহযোগিতা। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যে অগ্রগতি হবে, তা শেষ পর্যন্ত গোটা মানবসমাজের স্বার্থে কাজে লাগবে।