সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানিতে নিজে সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যদি বিচারপতি মমতাকে সওয়াল করার অনুমতি দেন, তাহলে দেশের ইতিহাসে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। আজ সকাল ১০টা নাগাদ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বেরোন মমতা। তারপর রওনা দেন সুপ্রিম কোর্টের উদ্দেশে। মুখ্যমন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। Z প্লাস নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সুপ্রিম কোর্ট চত্বর। সুপ্রিম কোর্টে মমতার আবেদন, পশ্চিমবঙ্গ থেকে সব মাইক্রো অবজ়ারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক। এর পাশাপাশি তাঁর আর্জি, মাইক্রো অবজ়ারভাররা যেন কোনও আইনি ক্ষমতা ব্যবহার না-করেন। যেমন, শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ। শুনানির পরে যাচাইপ্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মমতার আর্জি, যে সব ক্ষেত্রে অন্য রাজ্যের নথি যাচাইয়ে পাঁচ দিনের বেশি সময় লাগছে, সে সব ক্ষেত্রে স্থানীয় ইআরও-কে নিষ্পত্তির অনুমতি দিক কমিশন।