ঘূর্ণিঝড় আকভান আসছে। ওড়িশার সৈকত শহর পুরী একেবারে খাঁ খাঁ করছে। উত্তাল সমুদ্র। ইতিমধ্যেই সি বিচে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৈকতের বিভিন্ন জায়গায় লাল পতাকা লাগানো হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন দমকল বিভাগের কর্মী ও লাইফগার্ডরা। সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঢেউয়ের তীব্রতা বাড়ায় যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে দমকল বিভাগকে। পুরী শহরের গুরুত্বপূর্ণ এলাকা এবং সৈকত সংলগ্ন জায়গাগুলিতে দমকলকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আজ অর্থাত্ বৃহস্পতিবার সকাল থেকেই পুরী শহরজুড়ে কখনও মুষলধারে, কখনও হালকা বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুরীর জগন্নাথ মন্দিরেও কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে বারবার পর্যটকদের সমুদ্র এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৈকতে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় পুরীজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জারি রয়েছে।