বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতিগভীর নিম্নচাপ আজ অর্থাত্ ২৩ সেপ্টেম্বরই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল ক্রস করছে। যার নির্যাস, পুরীতে ব্যাপক বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পুরীর সমুদ্র সৈকতে ইতিমধ্যেই মাইকিং শুরু করে দিয়েছে প্রশাসন। আগামী ৩ দিন সমুদ্রে না নামার পরামর্শ দিয়ে জন সাধারণ ও পর্যটকদের সতর্ক করা হচ্ছে। ২৩ সেপ্টেম্বর রাত থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের কোথাও বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। মঙ্গলবার উত্তর অন্ধ্রের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার বিশাখাপত্তনম, অনাকাপল্লি, শ্রীকাকুলম এবং আল্লুরি সীতারাম রাজু জেলায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।