হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে ২১ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করে দিল্লি আনা হল। এখনও পর্যন্ত সাড়ে ৩০০-র বেশি ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। জানাল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। আজ অর্থাত্ শুক্রবার দিল্লিতে বিমানবন্দরে ২১ জন ভারতীয়ের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেপালের বন্যা বিপর্যয় নিয়ে বিদেশ সচিব, বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দল এবং কাঠমান্ডু ও বেজিংয়ের রাষ্ট্রদূতদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন তিনি। বন্যাদুর্গত এলাকার সমস্ত ভারতীয়দের বর্তমান অবস্থা জানতে জরুরি পদক্ষেপ করা হয়েছে বলে এক্স হ্যান্ডলে জানান বিদেশমন্ত্রী। এই বিষয়ে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার, ভ্রমণ সংস্থা ও সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেছে বিদেশ মন্ত্রক। ভারতীয়দের পরিস্থিতি জানার পাশাপাশি ত্রাণ তৎপরতার ক্ষেত্রেও ভারত নেপালের সঙ্গে নিবিড় ভাবে হাত মিলিয়ে কাজ করছে বলে জানান জয়শঙ্কর।