সকালে রান্নাঘরে ঢুকেই চোখ কপালে উঠল গৃহবধূর। গ্যাস সিলিন্ডারের পিছনে লুকিয়ে রয়েছে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ। সাপটি দেখতে পেয়েই আতঙ্কে রান্নাঘর থেকে বেরিয়ে পরিবারের অন্য সদস্যদের খবর দেন তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের সাগর জেলার বহেরিয়া তিগড্ডার কাছে রুসাল্লা এলাকার। বাড়ির রান্নাঘরে বিশাল সাপ ঢুকে পড়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে যান। সাপটি গ্যাস সিলিন্ডারের পিছনে এমন জায়গায় লুকিয়েছিল, যেখানে সহজে পৌঁছনো সম্ভব ছিল না। তাই নিজেরা সাপটি ধরার চেষ্টা না করে পরিবারের লোকজন খবর দেন স্থানীয় স্নেক ক্যাচারকে। খবর পেয়ে স্নেক ক্যাচার বাবলু পাওয়ার ঘটনাস্থলে পৌঁছন। প্রথমে রান্নাঘরটি ভাল করে পরীক্ষা করে সাপটির অবস্থান চিহ্নিত করেন তিনি। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে বের করে আনার কাজ শুরু হয়। আচমকা সাপটি বেরিয়ে আসতে পারে, সেই আশঙ্কায় পরিবারের সদস্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সাপটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বাইরে আনার পর তার দৈর্ঘ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। বাবলু পাওয়ারের দাবি, সাপটি ‘ঘোড়া পছাড়’ প্রজাতির এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।