গণেশ চতুর্থী উপলক্ষে আজ অর্থাত্ সোমবার থেকে শুরু হচ্ছে ১০ দিনের উৎসব। তার আগেই হায়দরাবাদে অভিনব সাজে তৈরি ভগবান গণেশের মূর্তি নজর কেড়েছে ভক্তদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ ভাবনাকে সামনে রেখে তৈরি এই মূর্তি ও পুজোর মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। হায়দরাবাদের ললিতা বাগ এলাকায় মল্লিকার্জুন নগর ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৈরি হয়েছে এই বিশেষ মণ্ডপ। এ বছর গণেশ চতুর্থী উদযাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আধুনিক প্রযুক্তির সাহায্যে সাজানো হয়েছে গোটা আয়োজন। রোবোটিক কাঠামোর মাধ্যমে তৈরি হয়েছে গণেশের মূর্তি ও মণ্ডপ। আধুনিক প্রযুক্তির সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধনই এই আয়োজনের মূল আকর্ষণ। ‘বিকশিত ভারত ২০৪৭’ ভাবনায় মণ্ডপটি তৈরি করেছেন শ্রীকান্ত। তাঁর কথায়, ২০৪৭ সালে ভারত কেমন হতে পারে, সেই কল্পনাকে সামনে রেখেই মণ্ডপ ও মূর্তির নকশা করা হয়েছে। বিকশিত ভারতের লক্ষ্য সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই তাঁদের উদ্দেশ্য। মণ্ডপে দেশাত্মবোধের সঙ্গে গণেশভক্তির মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। সেখানে বুলেট ট্রেনের পাশাপাশি রাখা হয়েছে গরুর গাড়ির মডেল। এর মাধ্যমে ভারতের ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অগ্রগতিকে তুলে ধরা হয়েছে।