আজ সকাল ৮টায় পুজো-অর্চনা শেষে শুভক্ষণে ভক্তদের জন্য কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মন্দির প্রাঙ্গণ ‘হর হর মহাদেব’ এবং ‘জয় বাবা কেদার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। হাজার হাজার ভক্ত এই পবিত্র মুহূর্তের সাক্ষী হন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ধামে পৌঁছে বিশেষ পুজো-অর্চনা করেন এবং রাজ্যের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও মন্দিরে পুজো দেওয়া হয়। আজ থেকে আগামী ছ’মাসের জন্য কেদারনাথের দ্বার খোলা থাকবে। চারধাম যাত্রার আয়োজন নিয়ে ধামী বলেন, 'আমরা ভাল ব্যবস্থা করেছি। কিন্তু সেগুলি বজায় রাখা ভক্তদেরও দায়িত্ব।'