বহু বছরের কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ ও সাফল্য উদ্যাপনের একটি বিশেষ মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক ফ্লাইট ট্রেনিং সম্পূর্ণ করার পরই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে যেমন অনেকেই প্রশংসা করেছেন, তেমনই অনেকে প্রশ্ন তুলেছেন। একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুষ্ঠানে এমন ব্যক্তিগত মুহূর্তের জায়গা থাকা উচিত কি না। ফলে এখন সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে। এটি কি ভালোবাসার এক সুন্দর উদ্যাপন, নাকি শৃঙ্খলা ও ঐতিহ্যের জন্য পরিচিত একটি প্রতিষ্ঠানের পরিসরে সীমা লঙ্ঘনের ঘটনা? বিতর্কের সূত্রপাত হয় মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত Combat Army Aviation Training School-এ আয়োজিত গ্র্যাজুয়েশন প্যারেডের পর। বায়ুসেনার কর্মকর্তা ক্যাপ্টেন ভরত ভরদ্বাজ প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর তাঁর প্রেমিকা আরুশিকে সকলের সামনে বিয়ের প্রস্তাব দেন। সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং শুরু হয় প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া।