মহারাষ্ট্রের রায়গড় জেলায় প্রবল বৃষ্টির জেরে HPCL-র পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট প্লাবিত। এর ফলে প্রায় ৩,০০০টি এলপিজি সিলিন্ডার, যার মধ্যে ভর্তি ও খালি, উভয় ধরনের সিলিন্ডারই রয়েছে, ভেসে গেল পাতালগঙ্গা নদীতে। ঘটনায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। পানভেল তালুকের এমআইডিসি চাভানে অবস্থিত এইচপিসিএল পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে ভারী বৃষ্টির কারণে বন্যার জল ঢুকে পড়ে। সেই জলেই প্ল্যান্ট থেকে সিলিন্ডারগুলি নদীতে ভেসে যায়। রায়গড়ের জেলা শাসক কিশন জাওয়ালে বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, নদী বা নদীর তীরে কোনও এলপিজি সিলিন্ডার দেখতে পেলে তা স্পর্শ করা, বাড়িতে নিয়ে যাওয়া বা খোলার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। জেলা শাসক বলেন, 'নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলিতে গ্যাস রয়েছে কি না বা সেগুলি নিরাপদ অবস্থায় আছে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। কৌতূহলবশত সেগুলি তুলে নেওয়া, খোলার চেষ্টা করা বা বাড়িতে নিয়ে যাওয়া মারাত্মক বিপদের কারণ হতে পারে।' তিনি সাধারণ মানুষকে কোনও ঝুঁকি না নেওয়ার আবেদন জানিয়ে বলেন, নদী বা তার আশপাশে কোনও এলপিজি সিলিন্ডার দেখতে পেলে অবিলম্বে প্রশাসনকে খবর দিতে হবে।