শুক্রবার সকালে উত্তরপ্রদেশের Noida Sector 75 এলাকার একটি বহুতল আবাসনের ১২ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত দুটি ফ্ল্যাট সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ছয়টি দমকল ইঞ্জিন এবং হাইড্রোলিক প্ল্যাটফর্ম। গৌতম বুদ্ধ নগরের প্রধান অগ্নিনির্বাপক আধিকারিক (সিএফও) প্রদীপ কুমার চুবের জানান, ধোঁয়ায় ভরা ফ্ল্যাটগুলিতে প্রবেশ করতে দমকল কর্মীরা বিশেষ শ্বাস-প্রশ্বাসের সরঞ্জাম (বিএ সেট) ব্যবহার করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ১২০৩ এবং ১২০৪ নম্বর দুটি ফ্ল্যাট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে দমকল কর্তাদের অনুমান, একটি ফ্ল্যাটের এয়ার কন্ডিশনারে শর্ট সার্কিট অথবা বাড়ির মন্দিরে রাখা বৈদ্যুতিক প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।