রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের সম্মানপ্রাপকদের তালিকায় ছিলেন সঙ্গীত, ক্রীড়া, সিনেমা, রাজনীতি ও সমাজসেবার জগতের বহু পরিচিত মুখ। প্রখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক তাঁর দীর্ঘ সঙ্গীত জীবন এবং ভারতীয় সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অসাধারণ সাফল্য, নেতৃত্ব এবং ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। চলচ্চিত্র জগত থেকেও একাধিক তারকা এই সম্মান পেয়েছেন। অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আর মাধবন তাঁর অভিনয় ও ভারতীয় সিনেমায় অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। একইসঙ্গে মালয়ালম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মামুট্টিকেও সম্মানিত করা হয়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান বিশেষভাবে স্বীকৃত হয়েছে। রাজনীতি ও জনজীবনের ক্ষেত্রেও সম্মানিত হয়েছেন একাধিক ব্যক্তিত্ব। ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম মুখ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হল। শিবু সোরেনের স্ত্রী গ্রহণ করলেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা সম্মানপ্রাপকদের অভিনন্দন জানান। দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্ম পুরস্কার ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান হিসেবে বিবেচিত হয়। এবারের পদ্ম সম্মানপ্রাপকদের তালিকাও সেই ঐতিহ্যকেই আরও সমৃদ্ধ করল।