মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল গোটা দেশ। মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। স্বাভাবিকভাবেই মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন শহর উত্তাল। এমন আবহেই 'ককরোচ'দের বিক্ষোভে শামিল নাসিরুদ্দিন শাহ। বিক্ষোভস্থলে গিয়ে 'ককরোচ' প্রধান অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করে কথাও বলেন তিনি। এই ঘটনায় বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিনের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা-লেখক পীয়ূষ মিশ্র। অভিজিত্ দীপকের পিঠ চাপড়ে তাঁর সাহসীকতাকে সাধুবাদ জানান নাসিরুদ্দিন। অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, সরকারের ভুলত্রুটির সঙ্গে আপস না করার জন্য দীপকের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। সোশাল মিডিয়ায় নাসিরুদ্দিন ও অভিজিত্ দীপকে মোমেন্ট ছড়িয়ে পড়তেই পীয়ূষ মিশ্র একটি ভিডিও পোস্ট করে একহাত নিয়েছেন নাসিরুদ্দিনকে। অভিনেতার উদ্দেশ্যে কড়া বার্তা, দেশে প্রতিনিয়ত এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যেদিকে তাঁর নজর দেওয়া উচিত। এখানেই শেষ নয়, অভিজিৎ ও নাসিরুদ্দিনকে 'দুই ভিলেন' কটাক্ষ করে ক্ষোভ উগরে দিয়েছেন। জীবন বাজি রেখে জঙ্গি হামলার ছক রুখে ভারতীয় বিমানচালক স্মিত মচ্ছর বর্তমানে গোটা বিশ্বের কাছে 'হিরো'। বিমানে থাকা সেই ১৮০ যাত্রী তো বটেই, পাশাপাশি আপামর বিশ্ববাসীর কাছে ভারতীয় বিমানচালক এখন ঈশ্বরের দূতসম। সেই 'বীর' স্মিতের কথা স্মরণ করিয়ে পীয়ূষ মিশ্র নাসিরুদ্দিন শাহকে তাঁর জন্য দুকুচি শব্দ খরচের অনুরোধ করেন। তাঁর বীরত্বকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এরপর লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির পড়ুয়াদের উপর অকথ্য অত্যাচারের ঘটনার কথা উল্লেখ করেও শাহকে বিঁধেছেন পীয়ূষ। অভিযোগ, পড়ুয়াদের উপর পুলিশ নির্মম নির্যাতন করেছে। সেই ঘটনায় শিক্ষার্থীদের প্রতি নাসিরুদ্দিনকে সহানুভূতি প্রকাশের অনুরোধ করেন। ঝাড়খণ্ড প্রসঙ্গে পীয়ূষের দাবি, তিনি শাহর কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। পরিবর্তে তিনি পিয়ূষকে পাক কবির কবিতার বই উপহার পাঠিয়েছিলেন। ক্ষুব্ধ পীয়ূষের লদাবি, "ঝাড়খণ্ডের মানুষের কবিতা নয় বরং ডাল, আটা, চাল, লিট্টি-চোখা ও চা-এর মতো জীবনদায়ী জিনিসপত্রের প্রয়োজন। তাঁরা বার্গার বা পিৎজা চাননি।" ভিডিওর একদম শেষলগ্নে পীযূষের অকপট স্বীকারোক্তি, নাসিরুদ্দিন শাহ যখনই কোনও বক্তব্য দেবেন, তিনি তার পাল্টা জবাব দেবেন।