পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শেষ। দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগে প্রচারের পর্দা নামতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন সিকিমে। দু’দিনের সফরে এসে মঙ্গলবার সকালে গ্যাংটকে তাঁকে দেখা গেল একেবারে অন্য মেজাজে ফুটবল খেলতে। সাধারণত রাজনৈতিক মঞ্চে দেখা যায় যাঁকে, সেই মোদীকেই এদিন দেখা গেল মাঠে নেমে বল কিক করতে, গোল উদযাপন করতে। তিনি নিজেই সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে লিখেছেন,'সিকিমের গ্যাংটকের এক সুন্দর সকালে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার মতো আনন্দ আর কিছুতে নেই।' ছবিতে স্পষ্ট, তিনি শুধু আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন না, বরং খেলার মধ্যে নিজেকে জড়িয়েই নিয়েছিলেন। তবে এই ঘটনাকে শুধুই ‘হালকা মুহূর্ত’ বলে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, এর মধ্যে লুকিয়ে আছে রাজনৈতিক বার্তাও। কারণ, পশ্চিমবঙ্গে ফুটবল শুধু একটি খেলা নয়, এক ধরনের আবেগ। বিশেষ করে কলকাতা ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম বড় কেন্দ্র। ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো ক্লাব ঘিরে যে আবেগ তৈরি হয়, তা রাজনীতিকেও প্রভাবিত করতে পারে, এমনটাই মনে করেন অনেকে।