স্কুলে কেমন ছাত্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আজ অর্থাত্ বুধবার প্রশাসক নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তিতে ছাত্র জীবনের স্মৃতি হাতড়ালেন প্রধানমন্ত্রী। জানালেন, তিনি এখনও একজন ছাত্র। এই ২৫ বছরের সফরের নানা চ্যালেঞ্জ তিনি কীভাবে মোকাবিলা করেছেন, তা বোঝাতে গিয়ে ছেলেবেলার স্মৃতি টানলেন। জানালেন, গুজরাতের ভডনগরে যে স্কুলে তিনি পড়তেন, সেই স্কুলে তিনি ছাত্র হিসেবে কেমন ছিলেন। মোদী বললেন, 'আমার মনে আছে, আমি যখন ভডনগরের স্কুলে পড়তাম, আমাদের মাস্টারমশাই নানা বিষয়ে পড়াতেন, ক্লাসে সবচেয়ে আগে পৌঁছনো ছাত্র হিসেবে সর্বদা আমার নাম প্রথমে থাকত। শেখার ওই লোভ আমার জীবনের অংশ হয়ে গিয়েছে। আমি আজও নিজেকে একজন বিদ্যার্থীই মনে করি। প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করি।'